Home » মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আট প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার। আটজনের মধ্যে দেশে ফিরলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন সাত আধিকারিক। প্রাক্তন ভারতীয় নৌসেনাদের এই মুক্তি যে ভারতের বড়সড় কূটনৈতিক জয় সে বিষয়ে কোনও সন্দেহ নেই। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের অনুরোধেই প্রথমে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আর তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার। দেশের মাটিতে পা রেখে তাঁরা বললেন, ‘ভারত মাতা কি জয়।‘

আরও পড়ুন  কৃষকদের ‘দিল্লি চলো’ রুখতে কড়া পদক্ষেপ হরিয়ানা সরকারের, বন্ধ ইন্টারনেট পরিষেবা, রাস্তায় বসছে ব্যারিকেড

সোমবার ভোরে এদেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মী হলেন কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, ক্যাপ্টেন নভতেজ সিং, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। এদের মধ্যে সাতজন কাতারের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যেই তাঁরা দেশে ফিরে এসেছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ আগস্ট ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। এরপর তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত।

আরও পড়ুন  ফের বাড়বে কলকাতার তাপমাত্রা, সরস্বতী পুজোয় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ

এহেন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশের জন্য অভিযুক্তদের পরিবার ভারত সরকারের কাছে আবেদন জানায়। নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত। ভারতীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি পান। এরপর কাতারের প্রশাসনের সঙ্গে কথা বলে মোদি সরকার। সেই আবেদনের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসে ওই প্রাক্তন নৌসেনা কর্মীদের ফাঁসির সাজা রদ করে আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ডের নির্দেশ দেয় কাতার আদালত। দেশে ফিরে আসতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

About Post Author