Home » নিয়োগ দুর্নীতির তদন্তে ফের শহরের একাধিক জায়গায় ইডির হানা

নিয়োগ দুর্নীতির তদন্তে ফের শহরের একাধিক জায়গায় ইডির হানা

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নতুন বছরের শুরু থেকেই নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান শুরু ইডির। শুক্রবার ভোর থেকেই নাকতলা, বাঁশদ্রোণী, বালিগঞ্জ মিলিয়ে শহরের মোট ৬ জায়গায় ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দে নামে নাকতলার এক প্রোমোটারের অফিস ও বাড়ি। জানা গিয়েছে, রাজীব দে নামে ওই ব্যক্তির অফিস হল নাকতলার শ্রীরাম কনস্ট্রাকশন। এদিন ভোরে  সেখানেই  হানা দেন ইডি অফিসাররা। প্রোমোটিং-এর মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে কি না, তা খুঁজে বের করতেই এই তল্লাশি অভিযান।

আরও পড়ুন    India vs England 2024: রোহিত-জাদেজার জোড়া শতরান, সরফরাজের অর্ধশতরান, রাজকোটে রাজত্ব ভারতের

ইডির দাবি, ৫ প্রোমোটারের সঙ্গে পার্থর যোগ ছিল। সেই সূত্রেই তদন্তে রাজীব দে-র নাম উঠে এসেছে। এদিন রাজীব দে-র অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথি উদ্ধারের চেষ্টা করছে ইডি।তবে দুর্নীতির সঙ্গে রাজীবের কী যোগ থাকতে পারে, তা এখনও স্পষ্ট নয়। এদিন নাকতলার মোট তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। বাঁশদ্রোনি, বালিগঞ্জ মিলিয়ে মোট ৬ জায়গায় চলছে তল্লাশি। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছিল ইডি। সূত্রের খবর, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাঁর আয়কর রির্টান, যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলির নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডি দফতরে হাজির দেওয়ার ব্যাপারে কথা জানানো হয়েছে।

তাঁর সম্পত্তি এবং আয়ের উৎস দেখার জন্যেই ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, সেটাই দেখার বিষয়। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। একই দিনে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। দেবরাজের রাজারহাট এবং দমদম পার্কের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এমনকী, তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে চাকরির পরীক্ষার নথি পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা।

About Post Author