Home » অবশেষে মন্ত্রীত্ব খোয়ালেন জ্যোতিপ্ৰিয় , নতুন বনমন্ত্রী বীরবাহা

অবশেষে মন্ত্রীত্ব খোয়ালেন জ্যোতিপ্ৰিয় , নতুন বনমন্ত্রী বীরবাহা

সময় কলকাতা ডেস্ক,১৭ জানুয়ারি : অবশেষে সরতেই হল জ্যোতিপ্ৰিয় মল্লিককে। কেন্দ্রীয় এজেন্সির হাতে  গ্রেফতার হওয়ার তিন মাস পরে মন্ত্রীর পদ থেকে তাঁকে বরখাস্ত করলেন রাজ্যপাল আর রাজ্যপালের সুপারিশ মেনে দফতর পুনর্বন্টন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী এবং অন্য একাধিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। বনমন্ত্রীর দায়িত্ব পেলেন বীরবাহা হাঁসদা। এছাড়া নতুন দায়িত্ব পেলেন পার্থ ভৌমিক।

উল্লেখ্য, সদ্য প্রাক্তন বনমন্ত্রী গ্রেফতার হন প্রায় সাড়ে তিন মাস হল। ঠিক সাড়ে তিনমাস কেটে যাওয়ার পরে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বনমন্ত্রী থাকার পাশাপাশি পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। শুক্রবার তাঁকে অফিসিয়ালি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, সংবিধানের ১৬৬ (৩) অনুচ্ছেদ মেনেই রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের ভিত্তিতে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরগুলি পুনর্বন্টন করেছেন। পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে, সেচ ও জলপথ দফতর, পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতর। অন্যদিকে, প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে বন দফতর স্ব-সহায়ক গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান বিভাগ-এর দায়িত্ব দেওয়া হয়েছে। রেশন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়ে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে বাড়ি থেকে বের করে নিয়ে যান ইডি আধিকারিকরা। সম্প্রতি এই মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে। গ্রেফতার হওয়ার সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিসভা থেকে সরকারি ভাবে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে।

লোকসভা ভোট আসন্ন।এখন প্রশ্ন, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি  গুরুত্ব বৃদ্ধি করা হল বীরবাহা হাঁসদার?

আরও পড়ুন ‘সন্দেশখালিতে সত্যের বিস্ফোরণ ঘটছে, আরও বড় তথ্য বেরিয়ে আসবে’, সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

About Post Author