সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তারই মধ্যে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগে এবার সন্দেশখালিতে গেল রাজ্য শিশু সুরক্ষা কমিশন (West Bengal Child right Commission)। শনিবার সন্দেশখালিতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ মোট ৪ প্রতিনিধি। গত ১০ই ফেব্রুয়ারি সন্দেশখালিতে এক শিশুকে তার মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও অভিযোগ। তারপরেই এই বিষয়টি নিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পদক্ষেপ করে।

জানা গিয়েছে, এদিন ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। সন্দেশখালি পৌঁছে সুদেষ্ণা জানান, ‘গ্রামের ঘরে ঘরে গিয়ে তারা পরিস্থিতি নিজের চোখে দেখবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কি না, পরীক্ষাকেন্দ্রগুলির কী অবস্থা, সবরকম পরিষেবা পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কি না, খতিয়ে দেখা হবে।’ অন্যদিকে, মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগের ভিত্তিতে পুলিশকে চিঠিও দিয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে বলেই জানান সুদেষ্ণা। গত কয়েক দিন ধরেই সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে গত সপ্তাহে পথে নেমেছিলেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল সন্দেশখালিকে হাতিয়ার করে শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছে। তৃণমূলের পাল্টা দাবি, বিরোধীদের উস্কানিতেই উত্তপ্ত সন্দেশখালি। এবার সেখানেই পৌঁছল রাজ্য শিশু সুরক্ষা কমিশনও। এর আগে শনিবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে। এমনকী উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছিল। দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? আক্রান্ত শিশুর চিকিৎসার কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এসব প্রশ্নই তোলে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও রিপোর্ট তলব করেছে তারা। এরপরই জাতীয় শিশু সুরক্ষা কমিশন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেয়।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন