Home » অভিজ্ঞতাকে মূল্য দিয়েই ডিআইজি বারাসাত রেঞ্জ পদে ভাস্কর মুখোপাধ্যায়

অভিজ্ঞতাকে মূল্য দিয়েই ডিআইজি বারাসাত রেঞ্জ পদে ভাস্কর মুখোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারি :সন্দেশখালি কাণ্ডে উত্তাপের পারদ শুধুই চড়েছে আর এরই মধ্যে ঘটে গেল তাৎপর্যপূর্ণ প্রশাসনিক রদবদল । রাজ্য পুলিশের ডিআইজি ( বারাসাত রেঞ্জ ) পদে সুমিত কুমারকে সরিয়ে দেওয়া তাঁকে দেওয়া হয়েছে ডিআইজি সিকিউরিটির দায়িত্ব। বারাসাত রেঞ্জের ডিআইজি পদে নিয়ে আসা হল ভাস্কর মুখোপাধ্যায়কে। তিনি সম্প্রতি বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপারের পদ থেকে স্থলাভিষিক্ত হয়েছিলেন ডিআইজি পদে।  ভাস্কর মুখোপাধ্যায় মালদা ডিআইজির পদে উন্নীত হয়েছিলেন হালেই।  তিন সপ্তাহের মধ্যেই উত্তর ২৪ পরগনায় ফিরলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন এমন এক সময় যখন সন্দেশখালির আগুনের আঁচ জেলা ও রাজ্য ছাড়িয়ে পৌঁছে গিয়েছে রাইসিনা হিলস পর্যন্ত।একইদিনে সুপ্রতিম সরকারকে এডিজি দক্ষিণবঙ্গের দায়িত্বে আনা হল। এই বদলিকে রুটিন বদলি জানিয়েছে নবান্ন। তথাপি ভাস্কর মুখোপাধ্যায়ের বারাসাত রেঞ্জের ডিআইজি হওয়ার বিষয়টি সার্বিকভাবে গভীর তাৎপর্যময়। কারণ,ভাস্কর মুখোপাধ্যায়ের ফেরার মধ্যে দিয়ে একটি বৃত্ত সম্পূর্ণ হল। বিষয়টির তাৎপর্য গভীরভাবে জানতে ফিরে তাকাতে হবে কয়েক বছর পেছনে।

উল্লেখযোগ্য ভাবে একদা বৃহত্তর উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারের পদ তাঁকে খ্যাতির পাশাপাশি বিতর্কের কেন্দ্রেও এনে দিয়েছিল। বছর সাতেক আগে বসিরহাট যখন উত্তর ২৪ পরগনা প্রশাসনিক জেলার মধ্যে ছিল এবং বসিরহাট জেলা যখন প্রশাসনিকভাবে স্বতন্ত্র পুলিশ জেলা হয়ে ওঠে নি তখন বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাদুড়িয়ার গোষ্ঠী সংঘর্ষে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দায় হয়ে উঠেছিল এবং সেসময় উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে বদলি করা হয়েছিল ভাস্কর মুখোপাধ্যায়কে। সে সময়ও সেই রদবদলকে বলা হয়েছিল রুটিন বদলি। এবারের রদবদল তাই এমন একটি বৃত্ত যেখানে ভাস্কর মুখোপাধ্যায়ের তিক্তমধুর অভিজ্ঞতা রয়েছে বসিরহাট মহকুমা ঘিরে যেখানে তিনি বহুবিধ অগ্নিগর্ভ পরিস্থিতি দেখেছেন জেলা পুলিশের সর্বোচ্চ পদে থেকে। আর অভিজ্ঞতাকে কাজে লাগানো হল এমন সময় যখন শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা বারংবার সরব সুমিত কুমারের ভূমিকায়। ফলে ভাস্কর মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন সেই পথ ধরে যেখানে বদলি কেবল রুটিন নয়, বদলি অভিজ্ঞতার নিরিখে আগুন নেভানোর আশাকে প্রাধান্য প্রদান। উল্লেখযোগ্য ভাবে দায়িত্বে রদবদল হওয়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালি কান্ডের অন্যতম অভিযুক্ত  শিবু হাজরাও গ্রেফতার হয়ে গেলেন। কাকতালীয় হিসেবে ধরা হলেও এও এক আশ্চর্য সমাপতন।।

About Post Author