সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : অকালপ্রয়াত হলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী ও তেলেঙ্গানার বিধায়ক জি লাস্য নন্দিতা । বয়স হয়েছিল মাত্র ৩৬। বিআরএস বিধায়ক নন্দিতা পথ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন অসময়ে।
শুক্রবার ভোররাতে হায়দ্রাবাদের উপকণ্ঠে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) বিধায়ক জি লাস্য নন্দিতা ।দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার সাঙ্গারেডি জেলার সুলতানপুর আউটার রিং রোডে (ORR)।জানা গিয়েছে,সদাশিবপেটের কাছে বিআরএস নেত্রীর গাড়িটি একটি পথ আটকানোর স্তম্ভকে ধাক্কা মারে যার ফলে গাড়িটি ভয়ংকরভাবে দুর্ঘটনাগ্রস্থ হয়,গুরুতরভাবে আহত হন নন্দিতা।নন্দিতাকে কাছের একটি হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় বিআরএস বিধায়ক নিহত হওয়ার পাশাপাশি গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন।
নন্দিতা প্রয়াত বিআরএস নেতা জি সায়ন্নার কন্যা, তাঁর রাজনীতিতে প্রবেশ এক দশক আগে। পিতার মৃত্যুর পরে গত নভেম্বর মাসে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে তিনি সেকেন্দ্রাবাদ থেকে বিধানসভার মনোনয়ন পান। তাঁর বাবা ছিলেন সেকেন্দ্রাবাদের পাঁচবারের বিধায়ক। নন্দিতা ভোটে দাঁড়িয়ে সতেরো হাজারের বেশি ভোটে তাঁর বিপক্ষ, বিজেপি প্রতিদ্বন্দ্বী গণেশ এন কে পরাজিত করে বিধায়ক পদ লাভ করেন। মাত্র তিনমাস বিধায়ক পদে থাকার পরে পথদুর্ঘটনায় তাঁর প্রয়াণ। ২০১৬ সাল থেকে তিনি চারবছর হায়দ্রাবাদে মিউনিসিপাল কর্পোরেটরের দায়িত্ব পদেও ছিলেন। তাঁর মৃত্যুতে কে চন্দ্রশেখর রাও সহ বিআরএস শীর্ষ নেতৃত্ব শোকজ্ঞাপন করেছেন।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর