Home » এক গোলের লিড ধরে রেখে ইস্টবেঙ্গলের জয়

এক গোলের লিড ধরে রেখে ইস্টবেঙ্গলের জয়

সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : এক গোলে এগিয়ে থেকে ইস্টবেঙ্গল ( #Eastbengal )সাধারণত সেই লিড ধরে রেখে ম্যাচ শেষ করতে পারেনা । অন্তত আইএসএলে বারবার সেরকম নজির রয়েছে  তাদের। গত ম্যাচেও জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকে শেষ দশ মিনিটে দু গোল খেয়ে যায় লাল হলুদ। প্রথম লেগে, চেন্নাইয়ানের বিরুদ্ধেও অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে পয়েন্ট খুইয়েছিল ইস্টবেঙ্গল। সোমবার সেই ট্র্যাডিশন ভেঙেছে। ১-০ গোলে জয়ের দিন লাল হলুদ ব্রিগেড গড়েছে আরেক নজির। ইস্টবেঙ্গল  এর আগে সাতবার আইএসএলে চেন্নাইয়ানের মুখোমুখি হয়েছিল। জয় আসে নি কোনওবার। যুবভারতীতে সোমবার দক্ষিণ-ভারতের দলটির বিরুদ্ধে আইএসএলে  প্রথম জয় পেল লাল হলুদ যার সিংহভাগ কৃতিত্ব পেতে পারে ইস্টবেঙ্গলের  দুই দক্ষিণ ভারতীয় ফুটবলার পিভি বিষ্ণু এবং নন্দা । দ্বিতীয় অর্ধের মাঝামাঝি সময়, নন্দার শটে বল কেরলের ডিফেন্সের  জটলায় এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢুকে যায়।

২০ থেকে ১৪ পয়েন্টের মধ্যে আইএসএলের ছয়টি দল রয়েছে যারা প্রত্যেকেই ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য  লড়াই করছে। ইস্টবেঙ্গল  এবং চেন্নাইয়ানও রয়েছে এই লড়াইয়ে। ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে ১৮ পয়েন্ট পেয়ে  ৮ নম্বরে উঠে এল। চেন্নাই ১৫ পয়েন্ট পেয়ে থেকে গেল দশম স্থানে।  ইস্টবেঙ্গল  আগামী ম্যাচ খেলবে  ওড়িশার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। সুপার কাপ হেরে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা নিতে  মুখিয়ে থাকবেন আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকা ওড়িশার কোচ লোবেরো ও তাঁর বাহিনী। তবে যাদের বিরুদ্ধে লড়াই তার সেনাপতি কুয়াদ্রাত থাকবেন না ডাগ আউটে। এদিন হলুদ কার্ড দেখায় তিনি ও তাঁর রক্ষণভাগের প্রধান ভরসা হিজাজি মাহের ডাগ আউট ও মাঠের মধ্যে থাকবেন না। সেক্ষেত্রে প্যান্টিচের ওপরে বাড়তি দায়িত্ব আসতে চলেছে। নুঙ্গা, রাকিপ, নিশু বা মন্দারের অবস্থা দেখে মনে হচ্ছে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে গোল খেতেই মাঠে নেমেছেন। লিড ধরে রেখে ম্যাচে জেতা দুরস্ত, আগেই গোল খেতে হতে পারত ইস্টবেঙ্গলকে। এদিন ভাগ্যিস হিজাজি ও সৌভিক ছিলেন। নইলে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে হত না ইস্টবেঙ্গলকে। হিজাজি ছাড়া কৃষ্ণা ও মরিসিওকে কিভাবে ইস্টবেঙ্গল সামলাতে পারবে বলা খুব মুশকিল।।

আরও পড়ুন কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের “মস্তানি”, মশালে পুড়ে ছাই নৌকা, মোহনবাগান হারল বড় ব্যবধানে

 

About Post Author