সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যুতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদম তারই মধ্যে এবার কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, এদিন পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। টানা ১৭ দিন ধরে জেলে থাকার পর মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে মুক্তি দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ অমান্য হলে তা আদলত অবমাননার সামিল হবে। সেক্ষেত্রে নোটিসও জারি হতে পারে।
নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে এদিন আদালত জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতের রোজ হাজিরা দিতে হবে তাঁকে। আর এই শর্ত না মানলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। নিরাপদর গ্রেফতারির ঘটনায় ইতিমধ্যেই জেলার পুলিশ সুপারের কাছেও সম্পূর্ণ রিপোর্ট চেয়েছে আদালত। এদিন পুলিশের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তুলে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ‘ একটি অভিযোগের প্রেক্ষিতে যখন নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে, তাহলে কেন পুলিশের বিরুদ্ধে এখন কোন ব্যবস্থা নেওয়া হবে না? যেভাবে এতদিন নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া একদমই সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না।’
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বাঁশদ্রোণীর বাড়ি থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়। সিপিএমের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সন্দেশখালির অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদর জামিন মঞ্জুর করে। হাইকোর্টের নির্দেশ মত মঙ্গলবারই জেল থেকে মুক্তি পান নিরাপদবাবু।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন