সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় অস্বস্তি বাড়ল যোগগুরু রামদেবের পতঞ্জলির। সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে চলা বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডে এবং সংস্থার অধিকর্তা আচার্য বালাকৃষ্ণনের বিরুদ্ধে আদালত অবমাননারও নোটিশ জারি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি অ্যালোপ্যাথি ওষুধের বিরুদ্ধে ভুয়ো মন্তব্য করেছেন। একই সঙ্গে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের নিশানা থেকে এদিন বাদ যায়নি কেন্দ্রীয় সরকারও। সব জেনেও কেন চুপ ছিল সরকার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

পতঞ্জলির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ ছিল অ্যালোপ্যাথি সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রামদেব ও বালাকৃষ্ণনের সংস্থা পতঞ্জলি। সেই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছেন। সেখানে বালাকৃষ্ণনের উদ্দেশ্যে বলা হয়েছে, “আপনি তো দেখছি সব রোগ সারিয়ে দিতে পারেন। আপনার সংস্থার বিজ্ঞাপন দেখে সেটাই মনে হচ্ছে। বিষয়টা এই যে আপনি স্থায়ীভাবে মুক্তি পাওয়ার আশ্বাস দিয়ে আপনার দ্রব্যগুলি বিক্রি করছেন। এটা পুরোপুরি বিভ্রান্তিকর এবং আইনের বিরোধী।”
গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে সতর্ক করেছিল দেশের সর্বোচ্চ আদালত। বিভিন্ন রোগের প্রতিকারাক হিসেবে নিজেদের ওষুধ ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বলে বাজারে চালানোর অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।তখনও সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সংস্থাকে। অবিলম্বে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত না হলে জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছিল। সেই মামলাতেই এ বার ফের সংস্থার নিন্দা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও নিন্দা করেছে দেশের শীর্ষ আদালত। আদালতের মন্তব্য ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক। সব জানার পরও সরকার চোখ বন্ধ করে আছে। সরকারের উচিৎ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।’’


More Stories
দিল্লি গেলেন অভিষেক
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের