সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: ঝোল হোক বা কষা— নানা ভাবেই আট থেকে আশি সবার মন জয় করেছে ডিম। ডিম খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। হরিয়ালি মানেই কি চিকেন? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক হরিয়ালি এগ কারি। ডিমের স্বাদ ভিন্নভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি এগ কারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে হরিয়ালি এগ কারি। বিশেষ করে পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে একবার এই হরিয়ালি এগ কারি খেলে আর ভুলতে পারবেন না। হরিয়ালি এগ কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ডিম-৫ পিস
পেঁয়াজ-২টো (কুচনো)
টম্যাটো- ২টো (কুচনো)
আদা-১ টেবিল চামচ
মাখন-২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
পালং শাক-১ আঁটি (কুচনো)
রসুন-৬ কোয়া
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
সাদা তেল-৫ টেবিল চামচ
নুন-পরিমাণ মত
গরম মশলা – ১ চা চামচ
দুধ-৪ টেবিল চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই পালং শাক জলে সিদ্ধ করে ভাল করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে ডিমের খোসা ছাড়িয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এবার ওই তেলেই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর টম্যাটো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ডিম ও দুধ দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হতে দিন। মশলা ডিমের ভেতরে ঢুকে গেলে পালং শাক বাটা ও গরম মশলা দিয়ে দিন। পালং শাক প্যানের গায়ে লেগে যেতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিয়ে অপর থেকে মাখন ছড়িয়ে দিন। ব্যস তৈরি হরিয়ালি এগ। রুমাল রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ জমবে এই হরিয়ালি এগ কারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি