সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান সহ সাতজনকে বৃহস্পতিবার ফের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিন আদালত সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে, বাকি সাত জনকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এর আগে গত ১০ মার্চ তৃণমূলের দুপুটে নেতা শেখ শাহজাহানকে কোর্টে তোলা হয়েছিল। তখন বসিরহাট মহকুমা আদালতের বিচারক তাঁকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হতেই তাঁকে ফের কোর্টে তোলা হয়। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় এদিন তাঁকে কোর্টে হাজির করানো হয়। জানা গিয়েছে, শেখ শাহজাহানের আইনজীবীরা তাঁর জামিনের জন্য এদিন আবেদন করেন। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করছে না শেখ শাহজাহান। অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন তিনি।
আরও পড়ুন Injured CM Mamata Banerjee: গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তি এসএসকেএম হাসপাতালে
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয় রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর (CID)। এরপর সন্দেশখালিকাণ্ডের তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। গত রবিবারই বসিরহাট মহকুমা আদালতের বিচারক শেখ শাহজাহানকে ৪ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। ৪ দিনের সিবিআই হেফাজত শেষে বৃহস্পতিবার ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হল শেখ শাহজাহানকে।কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন গোটা আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সিবিআইয়ের হাত থেকে শাহজাহানকে রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু, সিবিআই হেফাজত এদিনও শেষ হল না শেখ শাহজাহানের। অন্যদিকে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ প্রায় ১২ জনকে তলব সিবিআইয়ের। সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ছাড়াও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা-সহ বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে বুধবারই নোটিশ দেয় সিবিআই। তাঁদের প্রত্যেককেই বৃহস্পতিবার কলকাতায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল।
এদিকে, শেখ শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারে তল্লাশি চলে। এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। শাহজাহানের ইটভাটা ও মাছের বাজারে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর,এদিন সকাল ৬.৩০ নাগাদ সন্দেশখালি পৌঁছে যায় ইডির দুটি দল ও কেন্দ্রীয় বাহিনী। এরপর দুটি দলে বিভক্ত হয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালিতে নদীর পারেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির বেতাজ বাদশা।
#latestbengalinews
#SheikhShahjahan


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা