সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চঃ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। অবশেষে রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে নির্বাচন কমিশন সিলমোহর দিল বিবেক সহায়ের নামের পাশে। রাজীব কুমারের জায়গায় রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগের জন্য ৩ জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের। তাঁদের মধ্যে থেকে নির্বাচন কমিশন বেছে নিয়েছে বিবেক সহায়কে। বয়সের ভিত্তিতে সবথেকে বেশি সিনিয়র আইপিএস অফিসার বিবেক সহায়। তাঁর অবসর আগামী মে মাসে হওয়ার কথা। সেই কারণেই তাঁর ডিজি হওয়ার সম্ভাবনা কম ছিল বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল। যদিও পুরো বিষয়টি নির্ভর করছিল জাতীয় নির্বাচন কমিশনের ওপর। অবশেষে সোমবার বিকেল হতেই জানা গেল রাজ্য পুলিশের নতুন ডিজি পদে এলেন বিবেক সহায়। এর আগে গত নভেম্বর মাসে বিবেক সহায়কে ডিজি হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছিল।
প্রসঙ্গত, নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরই সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত ডিসেম্বরেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। আর ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত শনিবারই দেশে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন যে বদ্ধপরিকর তা সেইদিনই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এরই মাঝে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হল রাজীব কুমারকে।
সোমবার নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, রাজীব কুমারকে ‘নন ইলেকশন রিলেটেড পোস্ট’ অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোনও পোস্টে পাঠাতে বলা হয়েছে। তবে, এদিন শুধু রাজ্য পুলিশের ডিজিকেই নয়, সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা হবে না বলেই জানা গিয়েছে। এদিন বিকেল ৫টার মধ্যে ডিজি এবং আইজি পদে নিয়োগ করার জন্য তিনজন অফিসারের প্যানেল চেয়ে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে একাধিক রাজ্যে প্রশাসনিক পদে পরিবর্তন করা হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের