Home » Bijoy Chhetri: লাতিন আমেরিকার শতবর্ষের প্রাচীন ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় ফুটবলার

Bijoy Chhetri: লাতিন আমেরিকার শতবর্ষের প্রাচীন ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মার্চ:  ভারতীয় ফুটবলারদের বিদেশী ক্লাবে যোগ দেওয়ার ঘটনা নতুন ঘটনা নয়। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া থেকে বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী খেলে এসেছেন বিদেশী ক্লাবের হয়ে। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম, বিজয় ছেত্রী। চেন্নাইয়িন এফসি থেকে উরুগুয়ের ক্লাব কোলন এফসিতে যোগ দিলেন তিনি। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের লিগে খেলে শতবর্ষের প্রাচীন ক্লাবটি। এই দলে একটা সময় লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নামী ফুটবলাররা খেলেছেন।

ভারতের প্রথম ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলে যোগ দেওয়ার নজির গড়লেন ২২ বছরের বিজয়। তার সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি করেছে লুই সুয়ারেজ, এডিসন কাভানিদের দেশের ক্লাব। বিদেশী ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিজয় ও তার পরিবার। ফুটবলারটি বলেন, “আমি একজন পেশাদার ফুটবলার। আর একজন পেশাদার ফুটবলারের কাছে বিদেশী দলে যোগ দেওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমি প্রস্তুত এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য। আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। উরুগুয়ের ক্লাবে খেলার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করবে। বিদেশে গিয়ে আমার লক্ষ্য  দেশের মান রাখার। আমি ধন্যবাদ দিতে চাই আমার ক্লাব চেন্নাইয়িন সিটি এফসিকে আমার পাশে থাকার জন্য। আমার উরুগুয়েতে যাওয়ার পিছনে কৃতিত্ব রয়েছে আমার এজেন্ট সকার কনসালট্যান্ট গ্রুপ। তাদেরকেও ধন্যবাদ। ” বিজয়ের কোলন এফসিতে যোগদানে খুশি তার বর্তমান ক্লাব চেন্নাইয়িন এফসিও। ক্লাবের অন্যতম কর্ণধার ভিটো দানির কথায়, “উরুগুয়ের একটা সমৃদ্ধ ফুটবল ইতিহাস রয়েছে। দু’বার বিশ্বকাপ ও তিনবার অলিম্পিক্স ফুটবলে সোনা জিতেছে উরুগুয়ে। ফলে বোঝা যাচ্ছে সেদেশে ফুটবল অন্যতম প্রধান খেলা। সেরকম একটি দেশের শতবর্ষের প্রাচীন এক ক্লাবে যোগ দিতে চলেছে বিজয়। ওর জন্য আমরা গর্বিত।”

আরও পড়ুন: International Friendly: শেষ মুহূর্তের গোলে স্পেনের বিরুদ্ধে ড্র ব্রাজিলের, কোস্টারিকার বিরুদ্ধে জয় মেসিহীন আর্জেন্টিনার

ফুটবলারকে সই করানো প্রসঙ্গে কোলন এফসির ডিরেক্টর মার্সেলো রিফাজ জানিয়েছেন, “আমাদের কাছে বিজয়কে নেওয়ার প্রস্তাব আসে। আমরা ওর খেলার কিছু ভিডিও দেখতে চেয়েছিলাম। সেগুলি দেখার পর ফুটবলারটিকে আমাদের বেশ পছন্দ হয়েছে। আশা করছি বিজয় আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারবে। বিজয়ের সব থেকে বড় গুণ হচ্ছে ওর আত্মবিশ্বাস।” পাশাপাশি তিনি আরও বলেন, “প্রথম দলের কথা ভেবেই বিজয়কে দলে নেওয়া হয়েছে। ক্লাবের সদস্য, সমর্থকেরা ভারতীয় তরুণকে দেখার অপেক্ষায় রয়েছেন। আশা করি তাদেরও হতাশ হতে হবে না।”

About Post Author