সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চঃ রান্নার গ্যাসের ভর্তুকি জারি রাখার জন্য এলপিজি গ্রাহকদের চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য যাচাই করতে হবে। তেল সংস্থাগুলিকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের ইতিমধ্যেই চিঠি দিয়ে রান্নার গ্যাসে গ্রাহকদের আধার তথ্য যাচাই সম্পূর্ণ করার কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থাগুলিকে আগামী ৩১ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে হবে।
গত বছর অক্টোবর মাসেই কেন্দ্র তেল সংস্থাগুলিকে নির্দেশ দেয় যে, এলপিজি গ্রাহকদের আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে। সে সময় জানা গিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যেই তথ্য আপডেট শেষ করতে হবে। যার কারণে গ্যাস অফিসগুলির সামনে গ্রাহকদের লম্বা লাইনও পড়ে যায়। ভোগান্তি চরমে ওঠে বয়স্ক এবং অসুস্থদের। এরপরই গ্রাহকদের আধার তথ্য যাচাইয়ের জন্য সময় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। এসবের মাঝেই এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক চিঠি মারফত তিন প্রধান গ্যাস সরবরাহকারী সংস্থাকে জনিয়ে দিয়েছে ৩১ মার্চ অর্থাৎ রবিবারের মধ্যে আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে।
গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, এখনও পর্যন্ত ৮০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই সম্ভব হয়েছে। অর্থাৎ আর মাত্র দুদিনের মধ্যে বাকি ২০ শতাংশ গ্রাহকের তথ্য যাচাই করতে হবে। যা অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যদিও ওই সময়সীমার মধ্যে আধার তথ্য যাচাই না করা হলে কী পদক্ষেপ হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে, ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনও নির্দেশ কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
#LPGAadhaarLink
#latestbengalinews


More Stories
রেল বেসরকারিকরণ রুখতে সর্বভারতীয় কনভেনশনের ডাক দিল সিটু
আমাজন, ফ্লিপকার্টের গুদামে ১৫ ঘণ্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী! মিক্সার, গ্রাইন্ডার, গিজার-সহ বহু নকল ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত
রক্তক্ষরণ অব্যাহত, সব রেকর্ড ভেঙে ডলারের তুলনায় রুপির দর ৮৬.৩৯!