Home » বিধ্বংসী ঘূর্ণিঝড় : মৃত ৫, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী

বিধ্বংসী ঘূর্ণিঝড় : মৃত ৫, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী

সানী রায়, সময় কলকাতা, জলপাইগুড়ি :  বিধ্বংসী ঘূর্ণিঝড় এক লহমায় কার্যত ধ্বংস করে দিয়েছে জনজীবন। জলপাইগুড়ির ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। মৃত্যু  হয়েছে ৫ জনের।আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  রাতেই জলপাইগুড়ি পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রাণ হারানো পরিবারের পাশে তিনি পৌঁছেছেন, গিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও। একইসঙ্গে নিয়ম মেনে জেলা প্রশাসনের তরফে মৃত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ঝড়ের প্রবল তান্ডব, ধ্বংসলীলার কবলে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা, বহু মানুষ গৃহহীন, মৃত অন্তত ৪

রবিবার বিকেলে  ১৫ মিনিটের বিধ্বংসী ঘূর্ণিঝড়   লন্ডভন্ড করে দেয় জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলাজুড়ে অনেক জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। গাছের তলায় চাপা পড়ে মানুষের প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ।জানা গিয়েছে, মৃতরা হলেন জলপাইগুড়ির সেনপাড়ার দিজেন্দ্র নারায়ণ সরকার (৫২), পাহাড়পুরের অনিমা বর্মন (৪৯), ময়নাগুড়ির পুটিমারির জগেন রায় (৭২) এবং ময়নাগুড়ির রাজারহাটের সমর রায় (৬৪)। এছাড়াও  আরও একজন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড় স্তব্ধ করে দিয়েছে জলপাইগুড়িকে। হতাহতের পাশাপাশি গৃহহীন হয়েছেন বহু মানুষ।।

আরও পড়ুন জলপাইগুড়িতে ঝড়ে মৃত ৫, হাসপাতালে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মৃতার বাড়িতে

About Post Author