Home » IPL 2024: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অতীতে দুই দলের সাক্ষাতে পরিসংখ্যান কী?

IPL 2024: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অতীতে দুই দলের সাক্ষাতে পরিসংখ্যান কী?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ এপ্রিল: আইপিএলে হাইভোল্টেজ ম্যাচ। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবার সন্ধ্যে ৭.৩০ টা থেকে শুরু হবে ম্যাচ। চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় ন’নম্বরে রয়েছেন বিরাট কোহলিরা। ৩ টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন তারা। অন্যদিক লখনউ খেলেছে দুটি ম্যাচ। একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। পয়েন্ট তালিকায় ছ’নম্বরে কে এল রাহুলের দল।

আইপিএলে মোট চারবার মুখোমুখি হয়েছে দুটি দল। দুটি দলের লড়াইয়ের পরিসংখ্যান বলছে এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোর। মোট তিনবার জিতেছে দক্ষিণ ভারতের দলটি। উল্টোদিকে মাত্র একবার জয় পেয়েছে লখনউ। এই দুই দলের সাক্ষাতে সর্বাধিক রান করেছেন ব্যাঙ্গালোরের বর্তমান অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২১৯ রান করেছেন প্রোটিয়া ব্যাটার। দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। তার সংগ্রহ ১২৭ রান। পিছিয়ে নেই কিং কোহলিও। প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১১৭ রান। এই তিন ক্রিকেটারের কাছেই এ দিন সুযোগ থাকবে পরিসংখ্যানে একে অপরকে টেক্কা দেওয়ার।

আরও পড়ুন: IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হার, আইপিএলে হারের হ্যাটট্রিক হার্দিকের মুম্বইয়ের

এই দুই দলের লড়াইয়ে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড। অজি পেসারের ঝুলিতে রয়েছে মোট ৯ উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারের সংগ্রহ ৬ উইকেট। তিন নম্বরে রয়েছেন আরও এক ভারতীয় পেসার হর্ষল প্যাটেল। তিনিও ৬ টি উইকেট পেয়েছেন। গত মরশুমে ব্যাঙ্গালোরের করা ২১৩ রান তাড়া করে জিতেছিল লখনউ। দুই দলের মধ্যে এটিই এক ইনিংসে কোনও দলের সর্বোচ্চ রান।

গত মরশুমে এই দুই দলের ম্যাচে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল। প্রথমটা মাঠের ভিতর লখনউয়ের আফগান পেসার নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বিবাদের জেরে। দ্বিতীয়টা খেলার শেষে লখনউয়ের গতবারের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের ঝামেলার কারণে। তবে এই মরশুমে গৌতম গম্ভীর আর লখনউয়ের সঙ্গে নেই। তিনি যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু নবীন ও বিরাটের দ্বৈরথ দেখা যাবে মঙ্গলবার। সব মিলিয়ে দুই দলের ম্যাচকে কেন্দ্র করে চড়ছে ক্রিকেটপ্রমীদের উত্তেজনার পারদ।

About Post Author