স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ এপ্রিল: ইন্ডিয়ান সুপার লিগে বড় ধাক্কা মোহনবাগানের। রবিবার ঘরের মাঠে চেন্নাইয়িনের বিরুদ্ধে হেরে গেল সবুজ মেরুণ ব্রিগেড। খেলার ফল মোহনবাগানের বিপক্ষে ২-৩। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে খেলায় সমতা ফিরিয়েও হারতে হল আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। গোটা ম্যাচে দাপট নিয়ে খেললেও মোহনবাগান আটকে গেল তাদের প্রাক্তন গোলরক্ষক দেবজিৎ মজুমদারের বিশ্বস্ত হাতে।

ঘরের মাঠে চেন্নাইয়িন এফসিকে হারাতে পারলেই লিগ তালিকার শীর্ষে চলে যেত মোহনবাগান। এই পরিস্থিতিতে কোচ আন্তোনিও লোপজ হাবাসকে ছাড়াই মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। হাবাস অসুস্থ থাকায় দায়িত্ব সামলান ম্যানুয়েল কাস্তালানা। হাবাস না থাকলেও ঘরের মাঠে শুরু থেকে জয়ের জন্য অলআউট ঝাঁপায় মোহনবাগান। একাধিক গোলের সুযোগ তৈরি করেন লিস্টন, পেত্রাতোস, মনবীররা। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন চেন্নাইয়িন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। একদা মোহনবাগানের বহুযুদ্ধের নায়ক দেবজিৎ। মোহনবাগানের দুটি আইলিগ ও একটি ফেডারেশন কাপ জয়ের নায়ক। সেই দেবজিতের বিশ্বস্ত হাতে আটকে যাচ্ছিলেন মোহনবাগানের তারকা ফরওয়ার্ডরা।তবে গোলের জন্য চেন্নাইয়িন বক্সে ক্রমাগত চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। বাঁ প্রান্ত ধরে উঠে বক্সের ভিতরে ঠিকানা লেখা বল বাড়িয়েছিলেন লিস্টন। সুযোগ সন্ধানী গোলশিকারীর মত সেই বল জালে জড়িয়ে দিয়ে দলকে এগিয় দেন জনি কাউকো। বিরতির আগে দলের ব্যবধান দ্বিগুণ করতে পারতেন তিনি। কিন্তু সাদিকুর পাস থেকে বল পেয়ে তার নেওয়া শট বাঁচিয়ে দেন সেই দেবজিৎ।
WHAT A GAME! ????????????????????@ChennaiyinFC are still in the hunt for a playoff spot! ????????#MBSGCFC #ISL #ISL10 #LetsFootball #MBSG #ChennaiyinFC | @JioCinema @Sports18 @jordanmurray28 pic.twitter.com/xnlN564qAP
— Indian Super League (@IndSuperLeague) March 31, 2024
আরও পড়ুন: আইপিএল 2024 :দিল্লি ক্যাপিটালস ২০ রানে হারাল চেন্নাইকে
বিরতির পরও দুই দলই আক্রমণে উঠছিল গোলের আশায়। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার পুরনো দলের আক্রমণ রুখে দেন দেবজিৎ। ম্যাচের ৭২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় চেন্নাইয়িন। ডান প্রান্ত ধরে বল নিয়ে উঠে মাটি ঘেঁষা শট নেন মারে। বাঁচাতে পারেননি বিশাল কাইথ। বল চলে যায় জালে। সমতায় ফেরার তিন মিনিট পর এগিয়ে যায় সফরকারী দল। কর্ণার থেকে হেড করে দলকে এগিয়ে দেন রায়ান এডওয়ার্ডস। এক্ষেত্রে বলের উচ্চতা সঠিক ভাবে অনুধাবন করতে পারেননি বিশাল।দ্বিতীয়ার্ধের শেষের দিকে অঙ্কিত মুখার্জী হেড করে বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে প্রায় বল জড়িয়ে দিয়েছিলেন। অবিশ্বাস্য দক্ষতায় উড়ে গিয়ে সেই বল বাঁচিয়ে দেন দেবজিৎ। দ্বিতীয়ার্ধে দলকে আবার বিপাকে ফেলে দেন অঙ্কিত। বক্সের মধ্যে সাদিকুকে হাত দিয়ে টেনে ধরেন। পেনাল্টি পায় মোহনবাগান। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পেত্রাতোস। তবে নাটকের তখনও বাকি ছিল। প্রতি আক্রমণে উঠে আসে চেন্নাইয়িন। সতীর্র্থের বাড়ানো থ্রু পাস থেকে বল পেয়ে যান ইরফান ইয়াদওয়াদ। বিশাল নিজের বক্স ছেড়ে অনেকটা এগিয়ে যান বল বাঁচাতে। কিন্তু বিশালকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন ইরফান। সেই গোল শোধ করার সুযোগ পায়নি মোহনবাগান। চেন্নাইয়িনের বিরুদ্ধে হেরে যাওয়ায় আইএসএলের পয়েন্ট তালিকাতেও শীর্ষে ওঠা হল না সবুজ-মেরুনের। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুনম্বরে মোহনবাগান। শীর্ষে থাকল মুম্বই সিটি। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার