সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ‘আনলক’ করা গিয়েছে বলেই ইডি সূত্রের খবর। এই মোবাইলের সূত্রে ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও তথ্যপ্রমাণ হাতে আসবে বলেই মনে করছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, টাকার বিনিময়ে বীরভূমের কোনও অযোগ্য প্রার্থী চন্দ্রনাথ সিনহার মাধ্যমে চাকরি পেয়েছেন কি না।
আরও পড়ুন ক্যাপসুল নয়, হৃদরোগের ঝুঁকি এড়াতে ডায়েটে রাখুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা। দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরপর গত শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা বাড়ি। তবে, মন্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ের গ্রামের বাড়িতে।
ইডির তরফ থেকে তাঁকে সকালেই বাড়ি ফিরে আসতে বলা হয়। সেসময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, বোলপুর পুরসভার কাউন্সিলর কুন্তলা সিংহ ও দুই ছেলে শুভজিৎ ও সৌমজিৎ। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ইডি আধিকারিকরা। মুরারইয়ের গ্রাম থেকে বোলপুর আসতে আড়াই ঘন্টার বেশি সময় লাগা উচিত নয়। কিন্তু মন্ত্রী বাড়িতে এসে পৌঁছন প্রায় পাঁচঘন্টা পর। চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টার ইডির তল্লাশি অভিযানের পর উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। তবে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কীভাবে এল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হয়। কিন্তু মোবাইলে পাসওয়ার্ড থাকায় তা আনলক করা যাচ্ছিল না। কিছু জমির দলিলও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যোগ থাকার তথ্য উঠে এসেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনের বেশি নাম রয়েছে। তার মধ্যেই ছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম।
#ChandranathSinha
#Latestbengalinews


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা