সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতির তদন্তে এবার শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি ও সহযোগী হাসান রিন্টুকে তলব করল ইডি। মঙ্গলবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে হাসানকে। অন্যদিকে, শাহজাহানের স্ত্রী তসলিমাকে বুধবার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাসান এন্টার প্রাইসের কর্তা বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। একইসঙ্গে ইডি জানতে পেরেছে হাসানের কাছ থেকে চিংড়ি মাছ কিনতেন শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় এর আগেও তসলিমাকে তলব করেছিল ইডির আধিকারিকরা। সূত্রের খবর, মূলত শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ইডির অফিসে তলব করা হয়েছিল তাঁকে।
আরও পড়ুন Harsh Neotia: হর্ষ নেওটিয়াকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন শিল্পপতি
রেশন দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা একের পর এক বিস্ফোরক দাবি করেছেন আদালতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিংড়ির ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। জানা গিয়েছে, চিংড়ি মাছের রফতানির কাজ করা দুটি সংস্থার মাধ্যমে শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল। ইতিমধ্যেই সেই টাকা লেনদেনের নথিও সংগ্রহ করেছে ইডি। ইডির দাবি, ভুয়ো ভেড়ির মালিকদের কাছ থেকে মাছ কেনার নামে চলত কালো টাকা সাদা করার কাজ। এসকে সাবিনা নামে একটি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করত। তারা ভুয়ো ভেড়ি মালিকদের কাছ থেকে মাছ কিনত। তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, আদিবাসীদের জমি দখলদারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ডও ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। শাগরেদদের সামনে রেখে চলত সেই দখলদারিও। আর সেই কাজ করত শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।
এদিকে, রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা গত বৃহস্পতিবারই শাহজাহানের দুটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। জানা গিয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি অন্যান্য ১৫টি অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্যও চেয়েছে ইডি। জানা গিয়েছে, একটি অ্যাকাউন্টে ৩১ কোটি ২০ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছিল। ব্যবসায়িক অ্যাকাউন্টেও বিপুল লেনদেনের হদিশ মিলেছে। ইডির দাবি, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শাহজাহানের সঙ্গে কলকাতার চিংড়ি রপ্তানিকারক সংস্থাটির দু’ দফায় ১০৪ কোটি ও ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১৩৭ কোটি। এ ছাড়াও ২০২১ ও ২২ সালে আরও ৩১ কোটি ২০ লাখ টাকার লেনদেনের হদিশও মিলেছে।
# SheikhShahjahan
#latestbengalinews
#ED


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে
গ্রেফতার সুজিত বসু