Home » তবে কি অবশেষে ধরা পড়ল বারাসাতের কুখ্যাত ছুরিবাজ সাইকো?

তবে কি অবশেষে ধরা পড়ল বারাসাতের কুখ্যাত ছুরিবাজ সাইকো?

সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল : তবে কি অবশেষে ধরা পড়ল গত কয়েকদিন ধরে বারাসাতে আতঙ্ক আর শিহরণ জাগানো “সাইকো “? কালো কাপড় ও ছুরি নিয়ে ঘুরত আর মহিলাদের বুকে ছুরি দিয়ে গভীর ক্ষতচিহ্ন তৈরি করত  বারাসাতের ভয়ঙ্কর আততায়ী। পুলিশ প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার বারাসাতের নবপল্লী রাম মন্দির এলাকা থেকে পাকড়াও করা হয়েছে এক সন্দেহভাজন। তার কাছে মিলেছে ছুরি। ধৃত সত্যি কী ছুরিবাজ সাইকো ?

তিনদিনের মধ্যে দুটি ভয়ঙ্কর ঘটনার খলনায়ক বারাসাত শহরে ছড়িয়ে দিয়েছিল আতঙ্ক। একাধিক মহিলাকে টার্গেট করেছে সে। গত তিনদিনে এমনভাবে সে দুই মহিলার বুকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে যারা প্রাণে মারা যেতে পারতেন । সাইকো সিরিয়াল কিলারের হাড়হিমকরা সব কাহিনীর মত ভীতি ছড়িয়ে দিয়েছিল সে। বারাসাত শহরের নবপল্লীর ফায়ারব্রিগেড মাঠ থেকে হৃদয়পুরের বারাসাত লাগোয়া প্রান্তসীমা পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মহিলারা একা সন্ধ্যে থেকে ভোরবেলা পর্যন্ত বেরোতে সাহস পাচ্ছিলেন না ।

পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গতিবিধি বাড়িয়েছিল। পাশাপাশি রাজনৈতিক চাপ ছিল। শাসকদল ভোটের আগে এই অনভিপ্রেত ঘটনায় উদ্বিগ্ন ছিল। বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় নিজে বৃহস্পতিবার বিশেষ তদন্ত দল তৈরি করেন। বিভিন্ন সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করার পাশাপাশি সতর্ক নজরদারি রেখে চলছিল। জায়গায় জায়গায় মোতায়েন ছিল পুলিশ। পুলিশ মনে করছে, যাকে পাকড়াও করা হয়েছে সে এই ঘটনার কান্ডারি। তবে একশোভাগ নিশ্চিত হতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

পুলিশ এখনও সরকারি ভাবে বিবৃতি না দিলেও অকুস্থল সংলগ্ন এলাকার  পুরপ্রতিনিধি দীপক কুমার দাশগুপ্ত পরিষ্কার সময় কলকাতাকে জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। “পারভার্ট ”  বা বিকৃত মানসিকতার আক্রমণকারীই পাকড়াও হয়েছে তা মোটের ওপরে নিশ্চিত। শুক্রবার সকালের মধ্যেই সব খোলসা করে দেওয়া হবে বলেই মনে করছেন তিনি। আপাতত নাম প্রকাশ না করা হলেও সে স্থানীয় বাসিন্দা, বয়সে যুবক এবং সুস্বাস্থ্যের অধিকারী। দীপক কুমার দাসগুপ্ত এও জানিয়েছেন,কেউ কখনও কোথাও মহিলাদের বিরক্ত করলে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যেন জানানো হয়। প্রশ্রয় দেওয়া হবে না বিকৃতকাম পুরুষদের।

বারাসাতবাসী আশায় ছিলেন ছুরিবাজ সাইকোকে পুলিশ দ্রুত পাকড়াও করবে । তাঁদের আশঙ্কার অবসান হয়েছে কিছুটা হলেও । যুদ্ধকালীন  তৎপরতায় পুলিশ ধরেছে এক সন্দেহভাজনকে। শহর জুড়ে চাউর হয়েছে ধরা পড়েছে  ছুরিবাজ সাইকো । আপাতত স্বস্তি। বারাসাতবাসী এখন নিশ্চিত বার্তা চান। যে ধরা পড়েছে সে -ই তো সত্যি সেই ভয়ঙ্কর অপরাধী?

আরও পড়ুন টার্গেট মহিলা : বারাসাতে সিরিয়াল কিলারের কায়দায় একের পর এক মহিলার বক্ষে ছুরিকাঘাত

 

About Post Author