সময় কলকাতা ডেস্ক : মিল অনেকটাই সিরিয়াল কিলারের সঙ্গে। মহিলাদের বুকে ছুরি মেরে রক্তাক্ত করে ফেলে চম্পট দিচ্ছে সে । উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে আবির্ভাব হয়েছে অজ্ঞাত আততায়ীর। অভিযুক্ত এখনও অধরা। একাধিক ঘটনার সময়কাল, ঘটনাস্থল, আক্রমণের কায়দা থেকে তদন্তকারী পুলিশ থেকে জনপ্রতিনিধি সকলের ধারণা আততায়ী এক ও অভিন্ন। স্থানীয় পুরপিতা সরাসরি বলছেন,সবকিছু দেখে বোঝা যায় অপরাধী একজন ও সে বিকৃত কামনা সম্পন্ন।
যে ঘটনাগুলি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে সিরিয়াল কিলারদের মতই গতিবিধি আততায়ীর।বাইকে করে এসে প্রকাশ্যে নির্জন রাস্তায় সন্ধ্যেয় মহিলাদের ওপরে চড়াও হচ্ছে সে। একের পর এক ছুরিকাঘাত করছে। মৃত্যু না হলেও দুদিনের ব্যবধানে বারাসাতের নবপল্লী এলাকায় ৫০০ মিটারের মধ্যে আক্রান্ত দুই মহিলা যারা দুজনেই গুরুতর জখম। একাধিক স্টিচ পড়েছে বুকে। জানা গিয়েছে আততায়ীর লক্ষ্য মহিলার বক্ষদেশ।বুক লক্ষ্য করে ছুরির আঘাতে মহিলাকে রক্তাক্ত, ভুলুন্ঠিত অবস্থায় ফেলে চম্পট দিচ্ছে আততায়ী।
দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে প্রাণ সংশয় হতে পারত মহিলাদের। তবে বারাসাতের জাগৃতি ক্লাবের পেছন দিকে রবীন্দ্র পল্লী, নবীন সেন পল্লী, ইউনাইটেড ক্লাবের লাগোয়া হৃদয়পুরে যাওয়ার রাস্তায় ঘটনার পরে ছড়িয়েছে আতঙ্ক। খোঁজ মেলে নি আততায়ীর। অভিযুক্ত অধরা থাকায় মহিলারা মর্নিং ওয়ার্ক করতে বা একা সন্তানকে টিউশন থেকে ফেরত আনতে, ওষুধ আনতে বা বাজার করতে যেতে ভয় পাচ্ছেন। তবে দেখা যাচ্ছে, আততায়ী সন্ধ্যের পরেই আঘাত হানছে।
প্রথম ঘটনাটি ঘটেছিল তিন দিন আগে। নবীন সেন পল্লীতে পড়ে থাকতে দেখা যায় মহিলাকে। তিনি ছেলেকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন সন্ধ্যায়। পরবর্তী ঘটনাটি বুধবার সন্ধ্যার । ইউনাইটেড ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে আক্রান্ত হন আরেক মহিলা। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। বারাসাতের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুমার দাশগুপ্ত জানিয়েছেন, ‘বিকৃতকাম একজনই এই ঘটনা ঘটাচ্ছে। দুটি ঘটনাই ঘটেছে সন্ধ্যা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে। প্রতিটি ক্ষেত্রেই বুক লক্ষ্য করেই ছুরি মারা হয়েছে। এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে আততায়ীকে দ্রুত ধরার চেষ্টা করা হচ্ছে। এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে, বিশেষত পূর্ববর্তী ঘটনা গুলির কাছেপিঠে জায়গায় জায়গায় কিছু মানুষ সন্ধ্যায় মোতায়ন রাখার চেষ্টা করা হচ্ছে।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করার ভঙ্গিতে চড়াও হয়েছে আততায়ী। লোকলজ্জাবশত মহিলা চিৎকার করতে পারেননি অতঃপর স্তনের ওপরে ছুরিকাঘাত করা হয়েছে।
বারাসাত থানার শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। দ্রুত অপরাধীকে ধরার চেষ্টা করা হচ্ছে। নিকটবর্তী বাড়িগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।
উদ্বেগ রয়েছে প্রশাসনিক মহলেও বিশেষত শাসক দলে। নির্বাচন আসন্ন। রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে সিরিয়াল কিলারের কায়দায় সিরিয়াল মোলেস্টারের অবাধ গতিবিধি। তবে সাধারণ মানুষ অনেক বেশি চিন্তায়। আবার কখন আঘাত নেমে আসে বাড়ির মহিলাদের ওপরে!


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত