Home » Mohun Bagan: মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, দল চ্যাম্পিয়নের জন্য খেলে দাবি দেবাশিসের

Mohun Bagan: মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, দল চ্যাম্পিয়নের জন্য খেলে দাবি দেবাশিসের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ এপ্রিল: প্রথমবারের জন্য আইএসএলের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে ২-১ গোলে তারা হারিয়ে দিয়েছে মুম্বই সিটি এফসিকে। এর পরেই শুভেচ্ছার জোয়ারে ভাসতে থাকে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Premier League: প্রিমিয়ার লিগে হার লিভারপুল ও আর্সেনালের, খেতাবী লড়াইয়ে সুবিধা ম্যানচেস্টার সিটির

সবুজ মেরুনের সাফল্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে আন্তরিক অভিনন্দন। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এই জয় ঐতিহাসিক। যা মোহনবাগানকে ভারতের অবিসংবাদিত চ্যাম্পিয়নের মুকুটে সজ্জিত করল।” তিনি আরও লেখেন, “আমি ক্লাবের সমস্ত ফুটবলার, কর্মকর্তা ও প্রশিক্ষককে সাধুবাদ জানাই। যাদের  নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফসল এই জয়।” মোহনবাগানকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেছেন, “আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান ক্লাবের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। এই জয় কেবল মোহনবাগানের নয়, সারা বাংলার জয়।”  

https://twitter.com/MamataOfficial/status/1779916254532468902 

আরও পড়ুন: Mohun Bagan: নববর্ষে সমর্থকদের ‘লিগ শিল্ড’ উপহার দিল মোহনবাগান

দলের জয়ে খুশি মোহন সচিব দেবাশিস দত্ত। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে তিনি বলেছেন, “মোহনবাগান যা খেলছে তাতেই চ্যাম্পিয়ন হচ্ছে। গতবছর দল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই মরশুমের শুরুতে দল ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবার ইন্ডিয়ান সুপার লিগের শিল্ডও জিতেছে। বহুদিন পর সাফল্যের এমন নজির এসেছে মোহনবাগানে। বলতে গেলে মোহনবাগান এখন ভারতবর্ষের সেরা দল। এমন সাফল্যের জন্য আমি ধন্যবাদ জানাই সঞ্জীব গোয়েঙ্কাকে। এবং পুরো টিম ম্যানেজমেন্ট-সহ কোচ ও খেলোয়াড়দের”। জুয়ান ফেরান্দোকে সরিয়ে হাবাসের হাতে আবার দলের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন দেবাশিস। তিনি বলেন, “কোচ হাবাসের অন্তর্ভূক্তি দলের মধ্যে আলাদা প্রভাব সৃষ্টি করেছে। তার ফলাফল মাঠেই দেখা গিয়েছে। তাছাড়া এই খেতাব জয়ের ফলে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিয়েছে মোহনবাগান। তা নিঃসন্দেহে বড়পাওনা। তবে এবার ও বাংলার পতাকা যে মোহনবাগান একাই বয়ে নিয়ে যাচ্ছে তা পরিষ্কার”।

About Post Author