Home » রাহুলের দুরন্ত ইনিংস, অনায়াসে চেন্নাইকে হারাল লখনউ

রাহুলের দুরন্ত ইনিংস, অনায়াসে চেন্নাইকে হারাল লখনউ

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা ,১৯ এপ্রিল : তিনি ধোনি নন যে শেষে নেমে ৯ বলে ২৮ রান করবেন, রোহিত বা বিরাটের মত নজরকাড়া -চটকদারি ক্রিকেট খেলেন না, অথচ ধারাবাহিকতা রেখে নিখুঁত ভাবে নিজের কাজ করে যান। কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারার চোখে, তিনি খুব উঁচুমাপের ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে  তিনি ধারাবাহিকভাবে রান করে চলেন, শুক্রবার ও চেন্নাই সুপার কিংস- দলের বিরুদ্ধে আইপিএলে তেমনটাই করলেন, তাঁর ৫৩ বলে ৮২ রানের সৌজন্যে  ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল লখনউ সুপার জায়েন্টস। যার কথা বলা হল তিনি এক ও অভিন্ন কে এল রাহুল।  রাহুলের দুরন্ত ইনিংস চেন্নাইকে হারানোর প্রধান শর্ত হলেও এদিন রাহুলের অধিনায়ক ভাগ্যও তাঁকে সঙ্গ দেয়। হোম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক রাহুল। ক্রুনাল পান্ডিয়া ছাড়া লখনউ বোলারদের কেউই আহামরি কিছু বল না করলেও চেন্নাইয়ের হয়ে জাদেজার ৫৭ রানের ইনিংস ছাড়া বলার মত ইনিংস একমাত্র এম এস ধোনির। জাদেজা -মঈন আলি খারাপ খেলেন নি। তবুও এম এস ডি ঝড় না তুললে শেষ চার ওভারে ৬২ রানও যোগ হত না । ১৭৬ রানের বড় স্কোরে পৌঁছতে পারত না চেন্নাই।১৭৬ রান খুব বড় রান না হলেও চেন্নাই দলের বোলারদের মধ্যে কেউই দাগ কাটতে পারলেন না। কুইন্টন ডি কককে সঙ্গে নির্বিঘ্নে জয়ের দোরগোড়ায় পৌঁছে যান কেএল রাহুল। কুইন্টন ডি কক করেন ৫৪। ওপেনিং জুটিতে তাঁরা তুলে নেন ১৩৪ রান যা আইপিএলের ২০২৪ সংস্করণে সেরা ওপেনিং পার্টনারশিপ।  রাহুলের দুরন্ত ইনিংস থেমে যাওয়ার পরে বাকি কাজ সম্পন্ন করেন পুরান – স্টোইনিস জুটি। এই ম্যাচ হারলেও শিগগির ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ থাকছে চেন্নাইয়ের। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যা, তা হল টুর্নামেন্ট ইতিমধ্যেই মাঝপথে চলে এলেও প্রায় প্রত্যেকটি দল পরের পর্বে ওঠার লড়াইয়ে আছে। এবারের আইপিএলে একমাত্র রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাদ দিয়ে প্রত্যেকটি দলেরই এখনও পর্যন্ত নকআউট পর্বে উন্নীত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রতিটি দলের মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা টানটান।।

আরও পড়ুন UEFA Champions League: টাইব্রেকারে নায়ক লুনিন, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

About Post Author