Home » sandeshkhali case: সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ইডির

sandeshkhali case: সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ইডির

সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ সন্দেশখালি মামালায় তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের আবহেও ইডির তৎপরতা আরও বেড়েছে। সন্দেশখালি মামলায় এবার শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। তদন্তকারীদের আশঙ্কা, শাহজাহানের ভাই সিরাজুদ্দিন দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই সিরাজুদ্দিনের ছবি এবং তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। এমনকি সীমান্ত এলাকার প্রশাসনকেও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

আরও পড়ুন   Malaysia Navy Copter Crash: মালয়েশিয়ায় নৌসেনার মহড়া চলাকালীন দুই কপ্টারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১০

এর আগে গত ১০ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালত স্পষ্ট করে দিয়েছিল, সন্দেশখালি নিয়ে অভিযোগ জানাতে হলে সিবিআই-কে শীঘ্রই ই-মেইল আইডি চালু করতে হবে। সেইসঙ্গে পোর্টালও তৈরি করতে হবে। আদালতের নজরদারিতে হবে তদন্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই ই-মেইল আইডি প্রকাশ করেছে সিবিআই। মেইল আইডি টি হল, sandeshkhali@cbi.gov.in। সিবিআই উল্লেখ করেছে, মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডি-তে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই তদন্ত করলেও তাদের সাহায্য করবে রাজ্য। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, বসাতে হবে LED আলোও। মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন।

শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সব কিছু দেখে আমাদের কোনও সন্দেহ নেই যে এক্ষেত্রে স্বাধীন তদন্তকারী সংস্থার প্রয়োজন রয়েছে। রাজ্য সব সহযোগিতা করবে তদন্তকারী সংস্থাকে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায়বিচারের স্বার্থে সন্দেশখালির ঘটনায় যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সে বিষয়ে আদালতের কোনও সন্দেহ নেই। মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে, সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। আদালতের নির্দেশ, মামলার সব পক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সব অভিযোগ জমা দিতে হবে। সিবিআইয়ের চালু করা ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জানাতে হবে। অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে এই ব্যবস্থা। সন্দেশখালি এলাকায় ওই ইমেল আইডির প্রচার করতে হবে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট। আগামী ২ মে হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।

#sandeshkhalicase

About Post Author