সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিলঃ জঙ্গীরা টার্গেট করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার পুলিশ মহলে বাড়ছে মমতা-অভিষেকের নিরাপত্তা। লালবাজার সূত্রে খবর, দুজনের বাড়ি ও অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি তাঁদের জনসভা বা মিছিলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। সোমবার দুপুরে একদফা উচ্চপর্যায়ের বৈঠক করেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সেখানে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলার পুলিশ সুপাররাও ভারচুয়ালি ছিলেন। ওই বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটের আগে রাজনৈতিক বিভিন্ন জনসভাগুলিতে ফ্রিস্কিং, চেকিং আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
পাশাপাশি বহুতল থেকে নজরদারি আরও বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে। যেখানে যেখানে সভা হবে, সেই সব জায়গায় বাড়তি ড্রোন দিয়ে নজরদারি চালানোর কথা বলা হয়েছে ওই বৈঠকে। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তাঁর দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। শুধু মমতা নন, অভিষেকের বাড়ি, ক্যামাক স্ট্রিটের অফিসেরও নিরাপত্তা বাড়ানো হবে।
উল্লেখ্য, সোমবার সকালেই কলকাতা পুলিশের একটি টিম মুম্বই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতায় এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই সময়েই এই ব্যক্তি অভিষেকের বাড়ি রেইকি করেছিল এবং তৃণমূল নেতার ও তাঁর আপ্ত-সহায়কের ফোন নম্বর জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন রিসিভ না করায় তাঁর ব্যক্তিগত সহায়ককেও ফোন করেন রাজারাম। অভিষেকে ব্যক্তিগত সহায়ক রাজারামকে ফোনে জানান, এখনই অভিষেক সঙ্গে দেখা করা সম্ভব নয়। রাজারামের ব্যক্তিগত সহায়কের কাছেও নিজেকে মুম্বইয়ের এক বড় নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন রাজারাম। এরপরেই তাঁর কথা সন্দেহজনক লাগায় কলকাতা পুলিশকে বিষয়টি জানান হয়। যদিও তার মধ্যেই অবশ্য কলকাতা কলকাতা পুলিশও রাজারামের বিষয়ে খোঁজখবর শুরু করে দেয়। আজ অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে, বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
#MamataBanerjee
#latestbengalinews


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!