সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিলঃ ইডির উপর হামলার ঘটনায় এবার আরও ১৬ জনকে তলব করল সিবিআই। সূত্রের খবর, গত ৫ জানুয়ারি ঠিক কী ঘটেছিল? শাহজাহানকে পালাতে সাহায্য করেছিলেন কারা? সে বিষয়ে তথ্য পেতেই এইন ১৬ জনকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই বসিরহাট আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন, শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন।
এদিকে, ইডির উপর হামলার ঘটনায় গত ১৬ মার্চ গ্রেফতার হয়েছে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ তিন জন। দীর্ঘ নয় ঘন্টার জিজ্ঞাসাবাদের পর আলমগীর সহ তিনজনকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে, শুধু সিবিআই নয় ইডির তরফে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয়েছিল। এরপর ২১ মার্চ সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল শেখ আলমগীরকে। সিবিআই মূলত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় ডেকে পাঠিয়েছিল শেখ আলমগীরকে। এর আগে গত ১৪ মার্চ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির বেতাজ বাদশা। ইতিমধ্যেই শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, এক ঘনিষ্ঠের গোডাউনের লুকিয়ে রাখা হয়েছিল এই গাড়ি। দু’সপ্তাহ আগেই ইডি আধিকারিকরা সরবেড়িয়ার একাধিক জায়গায় হানা দেয়। সেইসঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোসলেম শেখের বাড়িতেও হানা দেয় ইডি। তাঁর গোডাউনেই শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, ওই গাড়িগুলো লোক করা ছিল। লোক খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। এরপর লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় কলকাতায়।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
যুদ্ধ : মুখ্যমন্ত্রীর সবুজ ফাইলের রহস্য ও ইডি-র ‘ডেটা ট্রান্সফার’!
আইপ্যাকে ইডির হানাকে রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে আখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের