Home » হাওড়ার রবিবাসরীয় প্রচারে রাজনৈতিক উত্তাপ : বিজেপিকে উন্মাদ বললেন তৃণমূল প্রার্থী প্রসূন

হাওড়ার রবিবাসরীয় প্রচারে রাজনৈতিক উত্তাপ : বিজেপিকে উন্মাদ বললেন তৃণমূল প্রার্থী প্রসূন

সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল : ‘প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন ‘- ভোট বড় বালাই, প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে  রবিবাসরীয় ভোট প্রচারে নির্বাচন প্রার্থীরা। অসহনীয় গরমকে উপেক্ষা করতে হলে ভরসা স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যাওয়া। সেরকম কথাই যখন বলছেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী তখন প্রাক্তন ফুটবলার ও বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে  উষ্ণতার রেশ। তিনি যেন গ্রীষ্মের মতই আনুপাতিক হারে ফুটছেন বিজেপির  বক্তব্য শুনে। বিজেপির দাবিকে পাগলের প্রলাপ বলছেন, বিজেপির লোকজন পাগল হয়ে গিয়েছে বলছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখতে হবে, ১০০ শতাংশ ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

রবিবাসরীয় প্রচারে তৃণমূলের  মধ্যে যেন বিভাজনের চিত্র। সোশ্যাল ডিস্টেন্স মেনটেইন করেই যেন তৃণমূলের হয়ে প্রচার সারছেন হাওড়ার তৃণমূল নেতা  ও রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে থেকেও তারা যেন একসাথে নেই। ৫০ থেকে ১০০ মিটারের দূরত্ব রাখছেন আর প্রচার ও যেন তারা করছেন  কাছাকাছি থেকেও দূরে দূরে। বিষয়টি নিয়ে কানাঘুষো  আছে। তারমধ্যে, জয় বাংলা স্লোগান দিতে থাকা প্রসূন বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলার বাইরে থেকে এসে কেউ মাতব্বরি করবে তা মেনে নেওয়া হবে না। আর এবারের লোকসভা ভোটে বিজেপির ৪০০ পারের তত্ত্বের পাল্টা প্রতিক্রিয়া তার, ওরা পাগল হয়ে গিয়েছে। নির্বাচনের পর বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না এমনটাই দাবি হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন তৃতীয় দফার ভোট কবে ও কোথায়?

About Post Author