Home » India T20 World Cup Squad: বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা বোর্ডের, বাদ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার

India T20 World Cup Squad: বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা বোর্ডের, বাদ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবহের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দল নির্বাচনের জন্য বৈঠক হয় আহমেদাবাদে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, মুখ্য নির্বাচক অজিত আগরকার-সহ বোর্ডের প্রথম সারির সদস্যরা। দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে। এছাড়াও সংরক্ষিত দলে রাখা হচ্ছে আরও ৪ ক্রিকেটারকে। দলগঠনের ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সর্বোপরি ভারতীয় দল নির্বাচনে স্পষ্ট যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বকাপে দলকে নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। আলোচনা হচ্ছিল দলের সহ-অধিনায়ক কে হবেন তা নিয়েও। যাবতীয় জল্পনা অবসান ঘটল মঙ্গলবার। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের লড়াইয়ে ছিলেন হার্দিক পাণ্ডিয়া ও ঋষভ পন্থ। দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়ে  দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি আইপিএলে স্বমেজাজে প্রত্যাবর্তন করেছেন দিল্লির অধিনায়ক। অন্যদিকে চোট পেয়ে একদিনের বিশ্বকাপের মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক। আইপিএলে তিনি ফিরলেও ভরসা দিতে পারছেন না। তাকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে ওঠে প্রশ্ন। কিন্তু হার্দিকে ভরসা রাখলেন জয় শাহ-অজিত আগরকররা। দলে রাখার পাশাপাশি সহ-অধিনায়ক বাছা হল তাকে।

আরও পড়ুন: T20 World Cup 2024: দল ঘোষণা হল টি-টোয়েন্টি বিশ্বকাপের, কারা সুযোগ পেলেন? প্রাধান্য পেল আইপিএল?

বিশ্বকাপে ভারতীয় দলের উইকেটরক্ষক নিয়েও চর্চা চলছিল। চোট সারিয়ে ফেরা ঋষভের সঙ্গে লড়াইয়ে ছিলেন কে এল রাহুল, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, জীতেশ শর্মারা। এদের মধ্যে থেকে প্রথম উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন পন্থ। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বাকিদের পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুল।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক),যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ

এছাড়া রিজার্ভ দলে রয়েছেন:

শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান

About Post Author