Home » Kunal Ghosh: দলবদলু তাপসের প্রশংসা করে বিপাকে কুণাল, অপসারণ করা হল রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে

Kunal Ghosh: দলবদলু তাপসের প্রশংসা করে বিপাকে কুণাল, অপসারণ করা হল রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে

সময় কলকাতা ডেস্ক, ১ মে: ফের চর্চার কেন্দ্রে কুণাল ঘোষ। বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসরণ করা হল কুণাল ঘোষকে। দলের নীতিবিরুদ্ধ কাজের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন প্রেস বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, “সম্প্রতি শ্রী কুণাল ঘোষ কিছু মন্তব্য করেছেন, যা দলের মতামতের পরিপন্থী। তাই এটা স্পষ্ট করা খুব জরুরী যে, উনি (কুণাল ঘোষ) যা মন্তব্য করেছেন, তা একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। তার মন্তব্যের সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, “ইতিপূর্বে দলের মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষকে অব্যহতি দেওয়া হয়েছিল। এখন তাঁকে দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারিত করা হচ্ছে। আমরা সকল সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি যাতে তার মন্তব্যকে দলীয় মন্তব্য বলে প্রচার করা না হয়। নাহলে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন: তৃতীয় দফার ভোটের আগে রাজ্যে এল আরও ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, বুধবার সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন দু’জনেই। তাপসের উপস্থিতিতে মঞ্চের উপর থেকে ভাষণও দেন কুণাল। প্রাক্তন সতীর্থের পাশে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসাও করেন তৃণমূলের সদ্য প্রাক্তন হওয়া রাজ্য সম্পাদক। তিনি বলেন, “তাপস রায় জনপ্রতিনিধি থাকাকালীন মানুষ সঠিক পরিষেবা পেয়েছে। মানুষ ডাকলেই তাকে কাছে পেয়েছেন। এলাকার মানুষ ঠিক করুক তারা জনপ্রতিনিধি হিসেবে কাকে চান।” পাশাপাশি তাপসের সুরে সুর মিলিয়ে ছাপ্পাভোটের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল। এই কেন্দ্রে তৃণমূলের দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এই আসনের বিদায়ী সাংসদও। অতীতে সুদীপের বিরুদ্ধে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তাপস ও কুণাল। পরে তাপস যোগ দেন বিজেপিতে। উত্তর কলকাতার সাংসদের জন্য দল ছেড়েছেন বলে মন্তব্য করেছিলেন বরানগরের প্রাক্তন বিধায়ক। কুণাল ঘোষ এককদম এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ শাহজাহানের তুলনা করেন। যদিও পরে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর বাড়িতে চা চক্রে যোগ দেন কুণাল। পরে দাবি করেন তাদের মধ্যে সমস্যা মিটে গিয়েছে। তবে বুধবার ফের তাপস রায়ের মঞ্চে হাজির হয়ে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন কুণাল ঘোষ। তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের শাসক দল।

About Post Author