Home » Lok Sabha Election: মা সনিয়ার রায়বেরিলি কেন্দ্রে প্রার্থী রাহুল, আমেঠি পুনরুদ্ধারে কংগ্রেসের ভরসা কিশোরীতে

Lok Sabha Election: মা সনিয়ার রায়বেরিলি কেন্দ্রে প্রার্থী রাহুল, আমেঠি পুনরুদ্ধারে কংগ্রেসের ভরসা কিশোরীতে

সময় কলকাতা ডেস্ক, ৩ মে: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরিলি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। নিজের পুরনো আসন আমেঠি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন না প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি লড়বেন কংগ্রেস সভানেত্রী ও তার মা সনিয়া গান্ধির রায়বেরিলি কেন্দ্র থেকে। আমেঠি কেন্দ্রে হাত শিবির প্রার্থী করেছে কিশোরীলাল শর্মাকে। শুক্রবার দলের তরফে এই ঘোষণা করা হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটপর্ব মিটে গিয়েছে। উত্তরপ্রদেশে গান্ধি পরিবারের গড় বলে পরিচিত আমেঠি ও রায়বেরিলিতে প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে আমেঠি আসন হারাতে হয়েছিল কংগ্রেসকে। বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধি। রায়বেরিলি কেন্দ্রে সনিয়া গান্ধি জিতলেও তিনি জানিয়ে দেন এ বার আর তিনি লড়বেন না। ফলে এই দুই কেন্দ্রে কংগ্রেস কাদের প্রার্থী করেন সেদিকে নজর ছিল সকলের। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে এই দুই কেন্দ্রে। শুক্রবার অর্থাৎ ৩ মে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।  এদিনই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। তবে আমেঠি নয় মায়ের কেন্দ্র রায়বেরিলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই

আমেঠি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী মন্ত্রী স্মৃতি ইরানি। অন্যদিকে রায়বেরিলি থেকে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।  ২০০৪ সাল থেকে আমেঠির সাংসদ থাকার পর গত লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল। অতীতে আমেঠি কেন্দ্র থেকে জিতে লোকসভায় পৌঁছেছেন গান্ধি পরিবারের অনেক সদস্য। ১৯৮০ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সঞ্জয় গান্ধি। ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধির প্রয়াত বাবা রাজীব গান্ধি। ১৯৯৯ সালে সনিয়া গান্ধি এই আসন থেকে জিতেই লোকসভায় পৌঁছেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি ছিল গান্ধি পরিবারের পারিবারিক আসন বলে পরিচিত আমেঠি কেন্দ্র পুনরুদ্ধারের দায়িত্ব পেতে পারেন রাহুল। সেক্ষেত্রে রায়বেরিলি আসন থেকে উঠে আসছিল রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢড়ার নাম। কিন্তু দেখা গেল রায়বেরিলি থেকে প্রার্থী হলেন রাহুল। আর আমেঠি পুনরুদ্ধারের দায়িত্ব পেলেন একদা রাজীব গান্ধির ঘনিষ্ঠ বলে পরিচিত কিশোরীলাল শর্মা। শুক্রবারই দুই কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন তারা।

About Post Author