সময় কলকাতা ডেস্ক, ৫ মে : তৃতীয় দফার লোকসভা নির্বাচনে যে ৯৪ টি লোকসভা কেন্দ্রে ভোট, তার মধ্যে বঙ্গের আসন ৪ টি। এই চারটি আসনের মধ্যে রয়েছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে গতবার বিজয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু। তিনি এবারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। কি হবে মালদা উত্তর কেন্দ্রে যখন গনিখানের ছবি ফিকে হয়ে আসছে। কি ফলাফল হয়েছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে?
২০১৯ সালে খগেন মুর্মু ৮৪ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের মৌসুম নূরকে হারিয়ে দিয়েছিলেন। খগেন মুর্মু পেয়েছিলেন ৪ লক্ষ ৯ হাজার ভোট যা ছিল ৩৭.৬১ শতাংশ ভোট। তাঁর চেয়ে ৬ শতাংশ কম ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। কংগ্রেসের ইসা খান চৌধুরী পেয়েছিলেন ২২ শতাংশ ভোট। মৌসুম নূর পান ৪ লক্ষ ২৫ হাজার ভোট। ইশা খান চৌধুরী পেয়েছিলেন ৩ লক্ষ ৫ হাজার ভোট। একদিকে ভোট কাটাকাটি, অন্যদিকে মালদা -মুশিদাবাদ বলয়ে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক সুগঠিত হওয়ায় খগেন মুর্মুর জয় আসে। মাথায় রাখতে হবে, ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে মৌসুম নূর হারিয়ে দিয়েছিলেন সেবার বাম প্রার্থী খগেন মুর্মুকে। খগেন মুর্মু ও মৌসুম নূর শিবির বদল করার পরে তাঁরাই চ্যাম্পিয়ন ও রানার্স হলেও স্থান বদলে যায় তাঁদের। উল্লেখযোগ্যভাবে ,কংগ্রেসের শক্তি ক্ষয় হওয়ার পাশাপাশি বামেরা কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে। ২০১৯ সালে বাম প্রার্থীর জোটে মাত্র ৩.৭২ শতাংশ ভোট। এবারও কংগ্রেস বামেদের সঙ্গে একজোট হয়ে ভোটের ময়দানে নামলেও মোস্তাক আলমকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ধরছে না রাজনৈতিক মহল। এর আরেকটি কারণ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে খর্ব হয়েছে বাম- কংগ্রেস শক্তি। একটু চোখ রাখা যাক বিধানসভা কেন্দ্র গুলির দিকে।

মালদা লোকসভার অধীনে রয়েছে যে সাতটি বিধানসভা কেন্দ্র সেগুলি হল হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, মালতিপুর, গাজোল, হবিবপুর, মালদহ । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, তিনটি কেন্দ্রে জয়ী হয় বিজেপি। কংগ্রেসের প্রভাব যে কমেছে তার ইঙ্গিত সুস্পষ্ট হয়ে গিয়েছিল ২০১৯ সালে। তবুও গনিখানের পরিবারের দুই সদস্য মৌসম ও ঈশা ভোটের ময়দানে ছিলেন।যতই এবারের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম কংগ্রেসের ঐতিহ্যমন্ডিত দিনের সাক্ষী হন, মাথায় রাখতে হবে বরকত গনি খান চৌধুরীর প্রভাব কমেছে, তাঁর পরিবারের কেউ এবার মালদা উত্তর কেন্দ্রে নেই, মালদা জুড়ে বাম -কংগ্রেসের ভোটে ভাটার টান। এরকম আবহে লড়াই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা তৃণমূল ও বিজেপির মধ্যে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ। ফলে মালদা উত্তরের ভোট যুদ্ধ সীমিত থাকার সম্ভাবনা গতবারের বিজয়ী খগেন মুর্মু এবং প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জীর মধ্যে। খগেন মুর্মুর প্লাস পয়েন্ট গাজোল – হবিবপুরে বিজেপির রয়েছে সুনিশ্চিত ভোটব্যাঙ্ক। এই অংশে বাস করেন প্রায় ১৪ শতাংশের কাছাকাছি তফশিলি জাতি উপজাতি সম্প্রদায়কভুক্ত মানুষ। এছাড়াও খগেন মুর্মু তার নিজের লোকসভা কেন্দ্রটিকে হাতের তালুর মত চেনেন। ফলে খগেন মুর্মুকে হারাতে হলে রীতিমত বেগ পেতে হবে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীকে। তাঁর পক্ষে কাজ করতে পারে একমাত্র যে সমীকরণ তা হল – বিজেপি বিরোধী শক্তির মূলত তৃণমূলের দিকে ঝুঁকে থাকা। কংগ্রেসকে যে ভোটাররা ২০১৯ সালে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেই ২০২১ সালে বিধানসভা ভোটে তৃণমূলের দিকে ফিরেছেন- অন্তত পরিসংখ্যানের হিসাব তাই বলে। কিন্ত পূর্ববর্তী বিধানসভা নির্বাচন বা পরিসংখ্যানের তথ্য দিয়ে লোকসভা নির্বাচনের দিক সুনিশ্চিত ভাবে বোঝা সম্ভব নয়। তবুও সার্বিক বিচারে সংখ্যালঘু অধ্যুষিত মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা থাকলেও তৃণমূলের লড়াই খুব সহজ নয়। পাশাপাশি এও সত্যি, বিজেপি বিরোধী ভোট এবং গনিখানের পরিবারের প্রতি ভালোবাসা ও আনুগত্যের ভোট ভাগ না হলে ও ভোট কাটাকাটি না হলে খগেন মুর্মুর বিপদ দেখা দিতে পারে । কাঁটার টক্কর, কে জিতবেন প্রসূন না খগেন – তার অনেকটাই নির্ভর করে আছে বরকত সাহেবের পরিবারের প্রতি আনুগত্যের ভোট কোনদিকে যায়।
মালদা উত্তর, জিতবে কে? ফিকে হয়ে আসা গনিখানের ছবি ও ভোটযুদ্ধ


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট