Home » Lok Sabha Election 2024: তৃণমূলের দুর্গ রক্ষা, বিজেপির মীরাক্কেল নাকি সেলিম ম্যাজিক, কেমন হল হাইভোল্টেজ মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন? দেখে নিন একনজরে

Lok Sabha Election 2024: তৃণমূলের দুর্গ রক্ষা, বিজেপির মীরাক্কেল নাকি সেলিম ম্যাজিক, কেমন হল হাইভোল্টেজ মুর্শিদাবাদ কেন্দ্রের নির্বাচন? দেখে নিন একনজরে

সময় কলকাতা ডেস্ক, ৭ মে: দেশের মোট ৫৪০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যের যে চার কেন্দ্রে নির্বাচন ছিল তার মধ্যে এই কেন্দ্রটি অন্যতম। এই কেন্দ্রটি বর্তমানে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন আবু তাহের খান। এবারেও ঘাসফুল শিবির বিদায়ী সাংসদের উপর ভরসা রেখেছে। এই কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে বামেদের হয়ে লড়ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে।

নব্বইয়ের দশকের গোড়া থেকে এই কেন্দ্রে আধিপত্য ছিল বামেদের। রাজনৈতিক মহলের মতে একদা বামদূর্গ বলে পরিচিত মুর্শিদাবাদ এবার সিপিএমের কাছে ‘লিটমাস টেস্ট’। তাই কিছুটা দলীয় রীতি ভেঙেই দলের রাজ্য সম্পাদককে এই আসনে প্রার্থী করেছে আলিমুদ্দিন। তাদের হাত ধরেছে কংগ্রেস। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় আসার ৮ বছর পর এই আসনটি জয়ের স্বাদ পেয়েছে তৃণমূল কংগ্রেস। তারাও এই আসনটি ধরে রাখতে মরিয়া।

এই আসনে ভোটগ্রহণ যে শান্তিতে হবে না আভাস পাওয়া গিয়েছিল সোমবার রাতে। মুর্শিদাবাদের অদূরে বেলডাঙা এলাকা থেকে উদ্ধার হয় ১৮ টি সকেট বোমা। মঙ্গলবারও শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত থাকল মুর্শিদাবাদ।

ঘরির কাঁটাতে তখন সকাল ৮.৩০: মুর্শিদাবাদ বিধানসভার ২৫৪ নম্বর বুথে তাদের এজেন্ট সারজেস আলি ও মোজাম্মেল শেখকে মারধরের অভিযোগ তোলে সিপিএম। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮.৫৮: করিমপুর বিধানসভার অন্তর্গত ১১৩ নম্বর বুথে ভোটকেন্দ্রের মধ্যে রাজ্য পুলিশ থাকার অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা।

সকাল ৯ টা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের জলঙ্গীতে ২৮২ নম্বর বুথের ঘটনা। এবার অভিযোগ করে তৃণমূল।

সকাল ৯.০২: ডোমকলের দক্ষিণ নগর মাঠপাড়া ১৪৫ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধার অভিযোগ ওঠে। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম অভিযোগ করেন। তিনি বলেন তেতুলিয়া, ডোমকলের কয়েকটি জায়গায় সমস্যা তৈরী হয়েছে। রাজ্যের শাসক দলের পাশাপাশি রাজ্য পুলিশকেও নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক।

সকাল ৯.৩০: গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি অভিযোগ করেন তার ও নির্দলের এজেন্টকে মারধর করে অন্য লোক বসেছে। সেক্টর অফিসারের কাছে তাদের গ্রেফতারির দাবি তোলেন তিনি।

সকাল ১০.৩০: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে নতিডাঙা ৩৫ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের।

সকাল ১০.৩৬: ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ কেন্দ্রের ৭৩ নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ ও ১৭১ নম্বর বুথ।

সকাল ১০.৩৮: সেলিমের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগ। তৃণমূল কর্মী হিটলার সরকার সিপিএম প্রার্থীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। বাম নেতার গ্রেফতারির দাবিও তোলেন তিনি।

সকাল ১২.৩০: ভোটারদের ভোট দিতে যেতে বাধার অভিযোগ। ডোমকল বিধানসভার অন্তর্গত দক্ষিণ নগর মাঠ পাড়ার ঘটনা। তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।

বেলা ১২.৩০: আবার এক ভুয়ো ভোটার ধরেন মহম্মদ সেলিম। গোপীনাথপুরের পর কেশবপুর অবৈতনিক বিদ্যালয়ের বুথ থেকে আরও এক ভুয়ো এজেন্ট ধরেন সিপিএম প্রার্থী।

বেলা ১২.৩৭: আবার বাম-কংগ্রেস জোটের কর্মীদের ভোট দিতে বাধা। মুর্শিদাবাদের ডোমকল সেখালিপাড়া বিএসএমএম হাই স্কুলে ১৫৩ নম্বর বুথের ঘটনা। এখানেও অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযাগ জানানো হয় ডোমকল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোটারদের বুথে নিয়ে যায়।

দুপুর ২ : তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমাবাজির অভিযোগ। রানীনগর থানার মালিবাড়ি-১ অঞ্চলের আমিরাবাদ নীচুপাড়া এলাকার ঘটনা। এক্ষেত্রে অভিযোগ ওঠে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়।

আরও পড়ুন: LokSabha Election 2024: রাজ্যে চার কেন্দ্রে শুরু তৃতীয় দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি মুর্শিদাবাদে

দুপুর ২. ৪৫: এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হরিহরপাড়া নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৫৯ নম্বর বুথে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ছাপ্পার অভিযোগ স্বীকার করে নেন প্রিসাইডিং অফিসারও। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

সব মিলিয়ে সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার ঘটনা দেখা গিয়েছে মুর্শিদাবাদে। তিন প্রার্থীর মধ্যে দাপিয়ে বেড়ানোর বিষয়ে এগিয়ে থাকবেন সিপিএমের মহম্মদ সেলিম। দিনের পড়ন্ত বেলায় দলীয় কর্মীদের সঙ্গে তরমুজে কামড় দিতে দেখা যায় বামপ্রার্থীকে। খেলেন ক্রিকেটও। চলতি নির্বাচনে মুর্শিদাবাদ মডেলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বামেরা? নাকি নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল? ইতিহাস সাক্ষী, মুর্শিদাবাদের কুর্সির লড়াই সর্বদাই অনিশ্চিত। সেই অনিশ্চয়তার সাক্ষী কি আবার থাকবে মুর্শিদাবাদ? উত্তর মিলবে ৪ ঠা জুন।

About Post Author