চূমকী সূত্রধর, সময় কলকাতা, ১২ মে: তৃতীয় দফার ভোটগ্রহণের আগে বঙ্গ সফরে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাজ্যের একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। সকালে ভাটপাড়ায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জনসভা করেন নরেন্দ্র মোদি। সেখানেই সভা শুরুর আগে প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথের উল্টো ছবি উপহার দেওয়া হয়। যা নিয়ে তোলপাড় বঙ্গরাজনীতি। সেই ভিডিও তুলে ধরে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল।

রবিবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভাটপাড়ার সভামঞ্চে প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি সুন্দর করে বাঁধিয়ে তুলে দেওয়া হয়। ছবিটি তুলে দেন অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। কিন্তু দেখা যায়, ছবিটা উল্টো করে ধরা। অর্থাৎ রবি ঠাকুরের মাথা নীচের দিকে। বাংলায় বিজেপির বিরুদ্ধে একটা প্রচার রয়েছে। তা হল হিন্দি বলয়ের এই দল বাংলায় বহিরাগত। বাংলার সংস্কৃতি ও মননের সঙ্গে তাদের মিল নেই। তারা বোঝে না। বাংলার শাসকদল বারবার এই অভিযোগ তুলেছে। আর রবিবারের সভার পর সেই অভিযোগই ব্রহ্মাস্ত্র তৃণমূলের হাতে আসল বলে মনে করছে রাজনৈতিক মহল।
যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনা, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানেনা, তারা কিভাবে বাংলা দখলের কথা বলে!!
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে আজ রবিঠাকুরকে উল্টে দেওয়ার এই ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে! pic.twitter.com/lLoHBuk4SH
— Partha Bhowmick (@ParthaAITC) May 12, 2024
ব্যারাকপুর শিল্পাঞ্চলে অবাঙালি জনসংখ্যা কম নয়। কিন্তু বাঙালিই বেশি। বিজেপি নেতৃত্ব তাদের উদ্দেশ্যে বার্তা দিতেই সম্ভবত এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির বন্দোবস্ত করেন। কিন্তু তা নজরে পড়ে যায় পার্থ ভৌমিকের। যিনি আবার ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে পার্থ লিখেছেন, “যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনা, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানেনা, তারা কিভাবে বাংলা দখলের কথা বলে!”
During his visit to Bengal day before someone said:
“उल्टा लटकाकर सीधा किया जाएगा.” https://t.co/uGeUTi6zlr
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 2024
শুধু ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী নন। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রবি ঠাকুরকে উল্টে দেওয়ার ঘৃণ্যতম কাজের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি রক্ষার দায়িত্ব আপনাদেরই।”
রবীন্দ্রনাথের উল্টো ছবি নিয়ে আমতার সভা থেকে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “বাংলা না থাকলে দেশের স্বাধীনতা ও নবজাগরণ হত না। আজকেও শুনেছি গ্যারান্টি বাবুকে (নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে) রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল। প্রার্থীর ছেলে উল্টো করে ছবি দিয়েছিল। প্রার্থী এসে আবার সেটা সোজা করে। বাংলায় থাকবে, বাংলায় লড়বে আর একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে?”


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী