সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ শ্লীলতাহানি বিতর্কের মাঝেই আরও অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের বিরুদ্ধে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল। কয়েক মাস আগেই অই নৃত্যশিল্পী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এবার বিষয়টি প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশের তরফে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে।
আরও পড়ুন Kolkata Knight Riders: প্লে অফে উঠেও ধাক্কা নাইট শিবিরে, দেশে ফিরলেন দলের তারকা ক্রিকেটার
জানা গিয়েছে, কয়েক মাস আগে এক সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান ওই নৃত্যশিল্পী। ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছিলেন। তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে একটি হোটেলে রাখা হয় বলেই ওই নৃত্যশিল্পীর দায়ের করা অভিযোগের মাধ্যমে জানা গিয়েছে। মহিলার অভিযোগ, দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। এরপরই তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এর পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তের পরই মঙ্গলবার নবান্নে রিপোর্ট জমা দিল লালবাজার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী অভিযোগ করে, দুবার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে তিনি রাজভবনে কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেই নিয়ে সরব শাসক দল তৃণমূল। এই ঘটনারই তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুলিশও একটি অনুসন্ধান টিম গঠন করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য। যদিও, রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন অভিযোগ ভিত্তিহীন।
#C VAnandBose
#latestbengalinews


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস