সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকায়। দিঘাগামী পর্যটকদের গাড়ির সঙ্গে একটি বেসরকারি হাওড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ। ১১৬বি জাতীয় সড়কের দইসাই বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও চারজন পর্যটকের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করেছে পুলিশ। নিহতের পাশাপাশি একাধিক ব্যক্তির আহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দইসাই বাস স্ট্যান্ডের কাছে দিঘাগামী পর্যটকদের গাড়ির সঙ্গে বেসরকারি হাওড়াগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ পর্যটকের। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, নদিয়া থেকে একটি চার চাকা গাড়ি করে বেশ কিছু পর্যটক দিঘা যাচ্ছিলেন। মারিশদা থানার দইসাই বাস স্ট্যান্ডের কাছে উল্টোদিক থেকে আসা দ্রুত গতিতে থাকা হাওড়াগামী বাসের সঙ্গে চারচাকা গাড়িটির সংঘর্ষ হয়। রাস্তার উপরেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। বাসের চাকার তলায় ঢুকে যায় গাড়ির অর্ধেক অংশ। ১১৬বি জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা হওয়ার কারণে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় মারিশদা থানার পুলিশকে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে দেহগুলি বের করার কাজে হাত লাগায়। কিন্তু গাড়িটি এমন ভাবেই দুমড়ে মুচড়ে গিয়েছিল, যে দেহগুলি বের করতে সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে গ্যাস কাটার নিয়ে এসে গাড়ির ভেতর থেকে পর্যটকদের বের করতে হয়। অন্যদিকে, এই ঘটনার পর পরিস্থিতি বেগতিক বুঝেই ঘাতক বাসটির চালক পলাতক। চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
#DighaBusAccident
#চারচাকারসঙ্গেহাওড়াগামীবাসেরমুখোমুখিসংঘর্ষ


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা