Home » Lok Sabha Electionঃ রাজ্যে সাত কেন্দ্রে শুরু পঞ্চম দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি ব্যারাকপুরে, উত্তপ্ত আরামবাগ

Lok Sabha Electionঃ রাজ্যে সাত কেন্দ্রে শুরু পঞ্চম দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি ব্যারাকপুরে, উত্তপ্ত আরামবাগ

সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ  দেশজুড়ে শুরু পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব।এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্র- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোটগ্রহণ চলছে। পঞ্চম দফায় রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। এই দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দীপ্সিতা ধর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুরদের। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। এদিন সাত সকালেই ভোট দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ১৪৪ নম্বর বুথে ভাটপাড়া সরস্বতী বালিকা বিদ্যালয়ে নিজের ভোট দিলেন অর্জুন সিং।

অন্যদিকে, নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল সকাল ঠাকুরনগর আর পি বিদ্যালয়ে ৪৩ বুথে ভোট দিলেন শান্তনু ঠাকুর। এদিন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসেন এবং লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এদিন তিনি সিএএ প্রসঙ্গে বলেন, ‘সিএএ এর মাধ্যমে তৃণমূলের হার্মাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো উচিত।’ সকাল সকাল ভোট দিয়েছেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। সকাল থেকেই বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, এবং আরামবাগ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এদিন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার ১৯৮ ,১৯৯ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেয় তৃণমূল। এরপর দত্তপুকুর থানার পুলিশ এবং পুলিশের উচ্চ আধিকারিকরা এসে সেই বুথ কর্মীকে বুথে প্রবেশ করতে সহায়তা করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের কর্মীরা।

আরও পড়ুন    গৌহাটিতে বৃষ্টি যেন পোয়েটিক জাস্টিস, দু নম্বরে থেকে শেষ করল হায়দ্রাবাদ

এদিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগর থেকে নির্বাচন শুরুর সময় থেকেই লাগাতার ভাবে অশান্তির চিত্র উঠে আসছে। টিটাগড় ২১৫ নম্বর বুথে উত্তেজনা। ভোট কেন্দ্রের ভিতরে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভিতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি ওই বুথের ভোটার নন। কেন্দ্রীয় বাহিনীর সন্দেহ হওয়ায় তাঁকে সেই বুথ কেন্দ্র থেকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।অন্যদিকে, বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া ১৭৪ ১৭৫ ১৭৬ নম্বর বুথে ভোটাররা ভোট দিতে পারছে না বলে অভিযোগ বিজেপির।অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিন বীজপুর বিধানসভার বাবু ব্লক এলাকার তিন নম্বর বুথ জ্যাম করার অভিযোগ ওঠে। খবর পেয়েই ঘটনাস্থলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পৌঁছলে তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান ওঠে। এরপরই অর্জুনের সঙ্গে তৃণমূলের প্রকাশ্যে বচসা শুরু হয়ে যায়।

#LokSabhaElection2024

#Latestbengalinews

About Post Author