Home » নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব রাজ্যপালের

নন্দীগ্রামের মহিলা বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক, ২৪ মেঃ শনিবার ভোট। আর ঠিক তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। TMC-BJP তুমুল সংঘর্ষে মহিলা বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের। এবার নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পরিকল্পনা করে এই খুন করেছে তৃণমূল কংগ্রেস। তিনি পুলিশের বিরুদ্ধে এই খুনের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ করেছেন। এই নিয়ে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও করেছেন নন্দীগ্রামের বিধায়ক। এসবের মাঝেই এবার নন্দীগ্রামের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্রুত বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনকে।

আরও পড়ুন   টুকরো টুকরো করা হয়েছিল দেহ, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গ্রেফতার এক ‘রহস্যময়ী’

উল্লেখ্য, ২৫ তারিখ নন্দীগ্রামে ষষ্ঠ দফার ভোট রয়েছে। ভোট প্রচারের শেষলগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার গভীর রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কারণ, এলাকায় দুই দলের ফ্ল্যাগ,ফেস্টুন,ব্যানার সহ বুথ অফিস রয়েছে। যাতে এক পক্ষ অপর পক্ষের কোনও ক্ষতি না করতে পারে সেই কারণে চলছিল পাহাড়ার কাজ। সেই সময়ই সশস্ত্র বাইক বাহিনী বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। দুই পক্ষ বাঁশ লাঠি সহ অস্ত্র নিয়ে হামলা চালায়। জখম হন অন্তত ৮ জন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদিকে, ঘটনাস্থলেই মহিলা বিজেপি কর্মী রথিবালা আড়ির উপর বাঁশ লাঠি হাতে চড়াও হয়। বাঁশের বাড়ি লাগে তাঁর মাথায়। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে বৃহস্পতিবার সকাল থেকেই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা। আগুন জ্বালানো হয়েছে দোকান, বাড়িতে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী-সহ নন্দীগ্রাম থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত লাঠিপেটা করতে হয় পুলিশকে। ইতিমধ্যেই ১০০ কোম্পানির উপর বাহিনী নন্দীগ্রামে মজুত রয়েছে। এ প্রসঙ্গে, শুভেন্দু অধিকারী বলেন, ‘একজন মহিলাকে নন্দীগ্রামে খুন করা হয়েছে। আপনারা তো জানেন আমি গুন্ডা সোজা করা লোক। কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহানরা কোথায়? তাদের বদলা হবে। একজন মাঝ বয়সী মহিলাকে মেরে দিল তার বদলা হবে না?’ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
#Latestbengalinews
#Trendingnews
#উত্তপ্তনন্দীগ্রাম

About Post Author