স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ মে: ভারতীয় ফুটবলে শুরু হয়ে গিয়েছে দল বদল। দল গুছিয়ে নেওয়ার কাজে হাত লাগিয়েছে কলকাতার তিন প্রধানও। আগামী মরসুমে আইএসএলের পাশাপাশি এশিয়ীয় ফুটবলে অংশ নেবে মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল। অন্যদিকে আইএসএলে অভিষেক হবে মহামেডানের। তাই প্রত্যেকটি দলের কাছে লক্ষ শক্তিশালী দল গড়া। ১২ জুন থেকে খুলছে ফিফা ট্রান্সফার উইন্ডো। তার আগেই দল গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দলের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল মোহনবাগান।

গত মরসুমে ডুরান্ড কাপ ও লিগ শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান। আগামী মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে সবুজ মেরুন। তাই শক্তিশালী দল গড়ছে মোহন কর্তারা। অস্ট্রেলিয়া লিগের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার চেষ্টা করছেন তারা। তবে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে দুই তরুণ ফুটবলার কিয়ান নাসিরি এবং লালরিনলিয়ানা হামতেকে। এই দুজনকে ছেড়ে দেওয়া হলেও বঙ্গতনয় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল মোহনবাগান ম্যানেজমেন্ট।

দলের তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছে সবুজ মেরুন। সূত্রের খবর, বড় অঙ্কের চুক্তিতেই মোহনবাগানে আরও তিন বছর থেকে গেলেন দীপেন্দু। বাঙালি ডিফেন্ডার তিন বছরে পাবেন ৯০ লাখ টাকা। এই মরসুমে মোহনবাগানের হয়ে অভিষেক হয় ২১ বছর বয়সী দীপেন্দুর। কলকাতা লিগে নজর কাড়া পারফরম্যান্স করেন তিনি। তার খেলা মনে ধরে দলের কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের। তার পরেই আইএসএলের বড়দের দলে রেজিস্ট্রেশন করানো হয় চম্পাহাটির ছেলেকে।

আরও পড়ুন: যশস্বী- জুরেলের লড়াই ব্যর্থ,আইপিএল ফাইনালে হায়দ্রাবাদ মুখোমুখি কলকাতার
আইএসএলে পাঁচটি ম্যাচে সুযোগ পান তিনি। খেলেন ২২৩ মিনিট। দু’টি ম্যাচে তাকে প্রথম একাদশে রেখেছিলেন হাবাস। অন্য তিনটি ম্যাচে পরিবর্ত হিসেবে সুযোগ পান দীপেন্দু। আইএসএল সেমিফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে তাঁকে নামানো হয়। সেই ম্যাচে দশ মিনিট খেলেই দলের আস্থা অর্জন করে নেন। সূত্রের খবর আগামী মরসুমে কোচের পরিকল্পনাতে তার নাম রয়েছে। আরও বেশিক্ষণ তাঁকে খেলতে দেখা যাবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার