সময় কলকাতা ডেস্ক, ২৬ মেঃ ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর প্রদেশের শাহজাহানপুরে। পূর্ণগিরি যাওয়ার পথে শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত ১০ জন। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের শাহজাহানপুরের খুতার থানার অন্তর্গত গোলা বাইপাস সড়কে। জানা গিয়েছে, সীতাপুর থেকে পূর্ণগিরি যাওয়ার পথে শাহজাহানপুরের একটি ধাবায় থেমেছিল বেসরকারি বাসটি।
এরপর সুড়কি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারতেই সেটি উল্টে যায়। বাস চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১জন তীর্থযাত্রীর। গুরুতর আহত হন ১০ জন। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু বলেই খবর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের সদস্যরা একটি ক্রেনের সাহায্যে ট্রাকের নিচে চাপা পড়া তীর্থযাত্রীদের দেহ বের করে আনেন। নিহতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। আহতরা সকলেই মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবারই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে হরিয়ানায়। শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বৈষ্ণদেবীগামী বাস। বাসটিতে থাকা সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয় মাসের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র মারফত জানা গিয়েছে, আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিন বাসটি মহদায় পৌঁছতেই হঠাৎ একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাস থেকে ছিটকে রাস্তাতে পড়ে যান অনেকে। কয়েকজন যাত্রী আবার বাসের মধ্যেই আটকে পড়েন। বাসের একটি দিক সম্পূর্ণ ভাবে ভেঙে চুড়ে যায়। বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে এগিয়ে আসনে পথচারীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। যুদ্ধকালীন পরিস্থিতিতে আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাভেলারটিতে মোট ২৬ জন তীর্থযাত্রী ছিলেন।
#BusaccidentinUttarPradesh


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের