সময় কলকাতা ডেস্ক, ৩০ মেঃ গুমোট গরমে নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। ঘূর্ণিঝড় রেমালের জেরে গত দুদিন বৃষ্টির কারণে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কলকাতাতেও গরম কমেছিল অনেকটাই। তবে এই স্বস্তির মাঝেই ফের অস্বস্তির খবর। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
পূর্বাভাস বলছে, আপাতত ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত গুমোট গরম থাকবে। সকাল থেকে গুমোট গরমের দাপট বেড়েই চলেছে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মে মাসেও ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের কোনও সম্ভাবনা সেভাবে নেই। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে জেলাগুলিতে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে অস্বস্তি বাড়বে। বুধবার থেকে টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই গরম বাড়বে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!