সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের রাজ্যে বেজে গেল বিধানসভা উপনির্বাচনের দামাম। এবার মানিকতলা-সহ রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন দিনক্ষণ জানাল কমিশন। আগামী ১০ জুলাই বাংলায় চার আসনে উপনির্বাচন হতে চলেছে। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। জানা গিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট হবে। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছ’টি রাজ্যের ন’টি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে। ভোট হবে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পঞ্জাবের একটি করে কেন্দ্রে। হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দু’টি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে।
আরও পড়ুন রানীগঞ্জে নামী গহনার দোকানে ফিল্মি কায়দায় ডাকাতি, পুলিশের জালে বিহারের কুখ্যাত ডাকাত
সূত্রের খবর, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন যথাক্রমে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস । পরে তাঁরা তিনজনেই তৃণমূলে যোগ দেন। এই লোকসভা ভোটে সকলকেই প্রার্থী করেছিল তৃণমূল। ফলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণে এই তিন কেন্দ্রে ফের উপনির্বাচন হতে চলেছে।
অন্যদিকে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সেই থেকে মানিকতলা কেন্দ্রটি বিধায়ক শূন্য। ১৯৫১ সালের আইন অনুযায়ী, কোনও জনপ্রতিনিধির মৃত্যু বা ইস্তফার কারণে কোনও আসনে শূন্য থাকলে ৬ মাসের মধ্যে উপনির্বাচন করাতে হবে। তবে মানিকতলার ক্ষেত্রে তা হয়নি। এর পেছনে রয়েছে আইনি জটিলতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে। নির্বাচনের পরপরই তিনি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি চলাকালীন মুলতুবির দাবি করেন তাঁর আইনজীবী।
এরপর বিষয়টি শীর্ষ আদালতে গেলে ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে। চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হল, সেখানে মানিকতলায় কেন ভোট নেওয়া হচ্ছে না? এসব প্রশ্ন তোলে বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। কমিশন ও মামলাকারীদের তরফে হলফনামা চায় শীর্ষ আদালত। এরপর দুমাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। মামলাকারীর আবেদন ছিল, ৩০ জুনের মধ্যে উপনির্বাচন হলে ভালো হয়। সেইমত কমিশন সুপ্রিম কোর্টে মানিকতলা উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেয়।
#মুকুটমণিঅধিকারী
#ElectionCommissionOfIndia
#ManiktalaAssembly


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা