Home » বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান শাসকবিরোধী রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে। ১৫ বছর রাজ্যে শাসকের আসনে থাকার পরে ক্ষমতাচ্যুত হয়ে আবার বিরোধী রাজনৈতিক আন্দোলনের মশাল জানলেন বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তিনি। মোমবাতি মিছিলে সামিল, আবার প্রতিবাদে পথে মমতা ।

সোমবার সন্ধ্যেবেলার ঠিক আগে,  বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে নেমে মোমবাতি মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে  তিনি এই কর্মসূচির নেতৃত্ব দেন। সোমবার বিকেলে কালীঘাটে নিজের বাড়ির সামনে (হরিশ চ্যাটার্জি স্ট্রিট) থেকেই মোমবাতি হাতে এই প্রতিবাদ মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মিছিল শুরুর পরেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে। তবে তৃণমূল কর্মী-সমর্থকেরা সেই ব্যারিকেড ভেঙে গার্ডরেল সরিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। বাধা কাটিয়ে মিছিলটি কালীঘাট রোড হয়ে হাজরা মোড়ের দিকে এগোয়।

প্রতিবাদ মিছিল থেকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান তোলা হয়। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলান ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ শীর্ষ তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁকে দেখা করতে না দেওয়ার জন্য তাঁর বাড়ির সামনে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাঁকে কার্যত ‘হাউস অ্যারেস্ট’ বা গৃহবন্দি করে রাখা হয়েছে। প্রসঙ্গত, এদিন সকালে দোলা সেন ও প্রতিমা মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। সেই দল ফিরে আসার পরই বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজপথে নামেন।  রাজ্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই অভিযোগকে ‘নাটক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রুটিনমাফিক পুলিশ মোতায়েন ছিল, তাঁকে কোথাও যেতে বাধা দেওয়া হয়নি। তবে মমতার পথে নেমে প্রতিবাদ মিছিল বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বঙ্গের রাজনৈতিক অঙ্গিকে নতুন মাত্রা যোগ করবে বলাবাহুল্য।

আরও পড়ুন বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?

প্রতিবাদে পথে মমতা #মমতাবন্দ্যোপাধ্যায় #বারুইপুর

About Post Author