Home » T20 World Cup: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, সুপার আটের ছাড়পত্র পেয়ে গেল ভারত

T20 World Cup: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, সুপার আটের ছাড়পত্র পেয়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুনঃ প্রত্যাশা মতই টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে জয় পেল ভারত । বুধবার আমেরিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল রোহিত বাহিনী। একই সঙ্গে চলতি প্রতিযোগিতায় সুপার এইটের টিকিটও নিশ্চিত করে ফেললেন তারা। তবে এই জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হল ভারতকে।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আমেরিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল প্রমাণ হল প্রথম ইনিংসে। নিজেদের ঘরের মাঠে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। শুরু থেকে ম্যাচের রাশ ছিল ভারতীয় বোলারদের দখলে। ম্যাচের প্রথম বলেই শায়ান জাহাঙ্গীরকে ডাগআউটে ফিরিয়ে বিপক্ষকে ধাক্কা দেন অর্শদীপ সিং। ওই ওভারের শেষ বলে আন্দ্রিয়েস গাউসকেও আউট করেন তিনি। প্রথম ওভারে জোড়া ধাক্কা প্রভাব ফেলে আমেরিকার রানের গতিতে। তৃতীয় উইকেটে অ্যারেন জোন্স ও স্টিভেন টেলর মূলত লড়াই করলেন উইকেট টিকিয়ে রাখতে। সপ্তম ওভারে জোন্সকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন হার্দিক পাণ্ডিয়া। ৭.২ ওভারে তখন আমেরিকার রান ছিল মাত্র ২৫। নীতিশ কুমার নেমে কিছুটা পরিস্থিতি সামাল দেন। তার জন্যই রানের গতি কিছুটা বাড়ে আমেরিকার। সেই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। দ্বাদশ ওভারে তাঁর বলে বোল্ড হন টেলর। ৩০ বলে খেলে ২৪ রান করেন তিনি। আমেরিকার ইনিংসকে একাই টানছিলেন নীতিশ। ২৩ বলে ২৭ রান করে তিনি ফেরেন অর্শদীপের বলে। ছয় নম্বরে নেমে কোরি অ্যান্ডারসন করেন ১২ বলে ১৫ রান। হরমীত সিং ১০ বলে ১০ রানের লড়াকু ইনিংস খেলেন। শেষ দিকে তাদের যৌথ প্রচেষ্টায় ১১০ রান তোলে আমেরিকা। ভারতের সফলতম বোলার অর্শদীপ সিং। ৯ রান দিয়ে নিলেন ৪ উইকেট। জোড়া উইকেট নেন হার্দিক পাণ্ডিয়াও।

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

আরও পড়ুনঃ T20 World Cup 2024: সুপার আটে ওঠার লড়াইয়ে ভারতের কাঁটা ভারতীয়রাই

নিউইয়র্কের বাইশ গজে ১১১ রানের লক্ষ্য তাড়া করে জয়ের নজির নেই। ভারতের শুরুটাও ইতিবাচক হয়নি। সৌজন্যে আর এক ভারতীয় সৌরভ নেত্রভালকর।  পরপর দুই ওভরে ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউট করেন তিনি। রানের খাতা না খুলেই ফিরতে হয় বিরাটকে। রোহিত করেন ৬ বলে ৩ রান। তখন বেশ চাপে পড়ে গিয়েছিল এই প্রতিযোগিতার অন্যতম সেরা দল। চাপের মুখে দলকে নির্ভরতা দিলেন ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব। এই ম্যাচেও বড় রান করার সুযোগ ছিল পন্থের সামনে। কিন্তু অষ্টম ওভারে আলি খানের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান। ২০ বলে ১৮ রান করে ডাগআউটমুখী হন পন্থ। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে আবার কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারত। সেই সময় দরকার ছিল একটা বড় জুটির। সেই জুটি গড়লেন সূর্যকুমার ও শিবম দুবে। প্রতিযোগিতার গত দুটি ম্যাচে রান পাননি দুজনেই। তাদের দলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। আমেরিকার বিরুদ্ধে দলকে নির্ভরতা দিলেন। অপরাজিত থেকেই দলকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন দুই ব্যাটার। ৪৯ বলে ৫০ রান করলেন সূর্য। দুটি করে চার ও ছয় এল তার ব্যাট থেকে। ৩৫ বলে ৩১ রান করলেন দুবে। একটি করে চার ও ছয় মারেন তিনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অর্শদীপ সিং।

About Post Author