স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুনঃ জয় দিয়ে ইউরো অভিযান শুরু করল স্পেন। শনিবার জার্মানির অলিম্পিয়াস্টাডিয়ন স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়ে দিল ক্রোয়েশিয়াকে। স্পেনের হয়ে গোল তিনটি করেন আলভারো মোরাতা, ফ্যাবিয়ান রুইজ ও ডানি কার্ভাহাল। একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত লুই ডে লা ফুয়েন্তের ছেলেরা।

গত কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল লুকা মদ্রিচের দেশ ক্রোয়েশিয়া। এই ইউরোতেও তাদের উপর নজর রয়েছে ফুটবল বিশ্বের। দলে লুকা মদ্রিচের পাশাপাশি রয়েছেন পেরিসিচ, ব্রোজোভিচের মত অভিজ্ঞতায় ভরপুর ফুটবলাররা। তুলনায় স্পেন দলটি অনেকটা তারুণ্যে নির্ভরশীল। লামিন ইয়ামাল, পেড্রি, নিকো উইলিয়ামসরা প্রতিভাবান হলেও অনভিজ্ঞ। ইউরো কাপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে মাঠে নামলেন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ ফুটবলার মাঠে নামলেন ১৬ বছর ৩৩৮ দিন বয়সে। তিনি যে লম্বা রেসের ঘোড়া তা হাড়ে হাড়ে টের পেল ক্রোয়েশিয়ার ডিফেন্ডারেরা। ম্যানচেস্টার সিটির তারকা ডিফেন্ডার ভার্দিওলকে তিনি যেভাবে সারাক্ষণ ব্যস্ত রাখলেন কোনও প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়।
সার্বিক বিচারে দেখতে গেলে বল দখলে রাখা থেকে নির্ভুল পাসিংয়ের ক্ষেত্রে স্পেনের তরুণ ব্রিগেডকে টেক্কা দিল ক্রোয়েশিয়াই। কিন্তু ফুটবল খেলায় শেষ কথা বলে গোল। সেখানে বাজিমাৎ করল স্পেন। খেলার ২৮ মিনিটে রড্রির ডিফেন্স চেরা পাস থেকে গোলের খাতা খোলেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা। সেই গোলের রেশ কাটার আগেই ব্যবধান দ্বিগুণ করে লা ফুয়েন্তের ছেলেরা। বক্সের বাইরে বল ধরে একক দক্ষতায় বিপক্ষের দুই তিনজন ডিফেন্ডারকে পরাস্ত করেন ফ্যাবিয়ান রুইজ। তারপর ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। প্রথমার্ধের বাকি সময় খেলার রাশ ছিল স্পেনের দখলে। বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে স্কোরবোর্ড ৩-০ করেন ডানি কার্ভাহাল। তাঁকে বল সাজিয়ে দিয়েছেলেন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণের ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করে তারা। দলের অভিজ্ঞ উইঙ্গার পেরিসিচকে নামিয়ে দেন কোচ। ক্রোট ফুটবলাররা মরিয়া হয়ে উঠেছিলেন ব্যবধান কমাতে। ৭৮ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে যায় ডালিচের ছেলেরা। বক্সের মধ্যে পেটকোভিচকে ফাউল করলে পেনাল্টি দেয় রেফারি। নিজেই শট নেন পেটকোভিচ। কিন্তু পরাস্ত করতে পারেননি উনাই সিমোনকে। ডান দিকে ঝাঁপিয়ে পেনাল্টি বাঁচিয়ে দেন তিনি। বাকি সময়ে চেষ্টা করেও গোলের খাতা খুলতে পারেনি ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে স্পেন।


More Stories
আবার ম্যাচের ভাগ্য নির্ধারক দশম জুটি,টি-টোয়েন্টির পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত
পাকিস্তানের কাছে হেরে হামজার বাংলাদেশের স্বপ্নভঙ্গ
রূপকথার ম্যাচে বদলা নিয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত