Home »  T20 World Cup 2024 : নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার আটের পথে বাংলাদেশ

 T20 World Cup 2024 : নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার আটের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জুনঃ বিশ্বকাপের সুপার ৮-এর পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। বৃহস্পতিবার তারা নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ২৫ রানে। অনেক দিন পর ব্যাট হাতে চেনা ছন্দে পাওয়া গেল শাকিব আল হাসানকে। শেষ ম্যাচে নেপালকে হারালেই ডি-গ্রুপ থেকে শেষ আটে চলে যাবেন নাজমুল হোসেন শান্তরা।

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বেঙ্গল টাইগার্সরা। দলের হয়ে সর্বাধিক রান করেন শাকিব আল হাসান। ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ছয় না মারলেও মোট নয়টি চার আসে তাঁর ব্যাট থেকে। নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিলেন অভিজ্ঞতা দিয়ে। তাঁকে বিপক্ষের কোনও বোলার বেগ দিতে পারেননি।  শাকিব ছাড়া রান পেয়েছেন ওপেনার তানজিদ হাসান। ২৬ বলে ৩৫ রান করেন তিনি। ৫ টি চার ও ১ টি ছয় মারেন। শেষের দিকে ২১ বলে ২৫ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। দুটি করে চার ও ছয় আসে তার ব্যাট থেকে। ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন জাকের আলি। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও ভ্যান ডি মিকেরেন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 : কিউয়ি বিদায়, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে আফগানিস্তান

১৬০ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ডাচ শিবির। দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডয়েডের লক্ষ্য ছিল উইকেট না হারানো। সেই কাজে সফল হলেও রানের গতি বিশেষ বাড়েনি। পঞ্চম ওভারে তাসকিন আহমেদ এই জুটি ভাঙেন। ১৮ রানের মাথায় ফেরান লেভিটকে। পাওয়ার প্লে-র মধ্যে আবার সাফল্য পায় বাংলাদেশ। তানজিম হাসানের বলে রানে ফেরেন ও’ডয়েড। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন বিক্রমজিৎ সিং ও এঙ্গেলব্রেখট। বড় শট খেলে রানের গতি বাড়ান বিক্রমজিৎ। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল একাই ম্যাচ বাড় করে দেবেন। সেই সময়ে মাহমুদুল্লাকে বড় শট মারতে গিয়ে আউট হন। ১৬ বলে ২৬ রান করে তিনি আউট হতে চাপ বাড়ে। চতুর্থ উইকেটে সেই চাপ সামাল দিয়ে দেন এঙ্গেলব্রেখ্‌ট ও অধিনায়ক এডওয়ার্ডস। দুজনেই ইতিবাচক ক্রিকেট খেলছিলেন। কিন্তু তারপর ম্যাজিক দেখান রিশাদ হোসেইন। চার বলের ব্যবধানে ৩ উইকেট নেন তিনি। ফেরান এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বিক ও এডওয়ার্ডসকে। তারপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি ডাচ শিবির। রিশাদ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন তাসকিন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ২৫ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

About Post Author