স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুনঃ এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারল না ডেনমার্ক । স্লোভেনিয়ার বিরুদ্ধে ড্র করে ইউরো অভিযান শুরু করল তারা। ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেন তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন স্লোভেনিয়ার এরিক ইয়ানজার।

গত ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়ে এসেছিল তাঁর জীবনে। জীবনযুদ্ধে জয়ী হয়ে তিনি আদৌ মাঠে ফিরতে পারবেন, তা কল্পনাও করতে পারেননি অনেকে। কিন্তু তারকারা এভাবেই ফিরে আসেন। বারবার। যেমন এলেন এরিকসন। পরের বছরই নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে তিনি মাঠে প্রত্যাবর্তন করেন। তারপর বিশ্বকাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। কিন্তু তাঁর দল সেভাবে সফল হয়নি। সেই এরিকসন এবার দেশের জার্সিতে নামলেন ইউরো খেলতে। শুধু নামলেন না, দলকে এগিয়েও দিয়েছিলেন প্রথমার্ধে। ১৭ মিনিটের মাথায় ইউন্ডের পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন এরিকসেন। এগিয়ে যায় তাঁর দল। খেলার শুরু থেকে ডেনমার্কের দাপট ছিল বেশি। সৌজন্যেও সেই এরিকসেন। নিজে খেললেন, গোটা দলকে খেলালেন। তাঁর পায়ে যখনই বল পড়ছিল তখনই বিপক্ষের রক্ষণে চাপ বাড়ছিল। অভিজ্ঞতা ও ফুটবল মস্তিস্ক এই দুইয়ে মিলে গোটা মাঠে একাই শাসন করলেন ৩২ বছরের ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। বিরতির সময় তাঁর করা একমাত্র গোলে এগিয়ে ছিল ডেনমার্ক।
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : বেলিংহামের গোলে সার্বিয়া টেস্টে পাস করল ইংল্যান্ড
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ বাড়াতে থাকে স্লোভেনিয়া। নিজেদের পায়ে বলের দখল রেখে আক্রমণে ঝাঁঝ বাড়ায় তারা। কয়েকটি সুযোগও পায় স্লোভেনিয়া। কিন্তু সেই সব আক্রমণ প্রতিহত করছিলেন ডেনমার্কের অভিজ্ঞ গোলরক্ষক ক্যাসপার স্কিমিশেল। যদিও খেলার ৭৭ মিনিটে তাঁকে পরাস্ত হতে হয় ভাগ্যের কাছে। বক্সের বাইরে থেকে এরিক ইয়ানজার দূরপাল্লার শট ডেনমার্কের এক ফুটবলারের গায়ে লেগে দিক বদলে গোলে ঢুকে যায়। নির্বাক হয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না স্কিমিশেলের। সমতা ফেরানোর পরে জয়সূচক গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুটি দল। বেঞ্জামিন সেস্কোর একটি শট পোস্টে লেগে না ফিরলে এগিয়ে যেতে পারত স্লোভেনিয়া। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পায়নি কোনও দল। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় খেলা। চলতি ইউরো কাপে এই প্রথম একটি ম্যাচ শেষ হল অমীমাংসিত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার