Home » কৃষ্ণ -মোহিত- মানস ত্রিমুখী লড়াই রায়গঞ্জ উপনির্বাচনে

কৃষ্ণ -মোহিত- মানস ত্রিমুখী লড়াই রায়গঞ্জ উপনির্বাচনে

উত্তম পাল, সময় কলকাতা , ১৭ জুন : রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষিত হলেন মানস কুমার ঘোষ।

রাজ্যের মোট চারটি আসনে আগামী ১০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যানীকে প্রার্থী করেছে। বিজেপি এই কেন্দ্রে কাকে প্রার্থী করছে তা নিয়ে রায়গঞ্জ মানুষের কৌতুহল ছিল। অবশেষে সোমবার সর্বভারতীয় বিজেপি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষনা করল।রায়গঞ্জ কেন্দ্রে মানস কুমার ঘোষকে প্রার্থী করা হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। পরবর্তীতে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে মতানৈক্য হওয়ায় মানসবাবু সরে যান। এবার সেই মানস কুমার ঘোষকেই প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। এরফলে লড়াই যে জমে উঠবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই ।

বাগদায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে।  রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস। কলকাতার মানিকতলার উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে। ফলে তৃণমূলের পর ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল।

রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে  লড়াই যেন নাম ঘোষণার সঙ্গে সঙ্গে জমে উঠেছে। কংগ্রেস- বাম জোট প্রার্থী হিসেবে রায়গঞ্জের প্রবীণ কংগ্রেস প্রার্থী জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। কৃষ্ণ -মোহিত- মানস ত্রিমুখী লড়াই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে জমজমাট করে তুলবে মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author