সময় কলকাতা ডেস্ক: ২০ জুনঃ তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। চিকিৎসাধীন ৬০ জন। দশজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কল্লাকুড়িছি জেলায়। গোটা ঘটনার তদন্তের জন্য CB-CID তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ২০০ লিটার বিষ মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় ১০০ জনেরও বেশি লোক বিষ মদ খেযে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয় রাতেই। এখনও চিকিৎসাধীন অন্তত ৬০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। জেলার সরকারি হাসপাতালে সকলের চিকিৎসা চলছে। নিহতদের পরিবারের অভিযোগ, ওই মদ খাওয়ার পরই বমি করতে শুরু করেন ওই ব্যক্তিরা। শুরু হয় পেটে ব্যথা। এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কাল্লাকুরিচিতে ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর খবরে আমি মর্মাহত ও দুঃখিত। এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জনগণকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিনের বিষমদকাণ্ডে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মদে মিথানল বেশি মাত্রায় মেশানো হয়েছিল। তার জেরেই প্রাণ গিয়েছে এতজনের। গত বছরই ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় বৈআইনিভাবে উৎপাদিত মদ খেয়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির