Home » Copa America : হোঁচট খেয়ে কোপা শুরু ব্রাজিলের, দর্শকাসনে বসে হতাশ নেইমার

Copa America : হোঁচট খেয়ে কোপা শুরু ব্রাজিলের, দর্শকাসনে বসে হতাশ নেইমার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুনঃ কোপা আমেরিকার প্রথম ম্যাচে আটকে গেল ব্রাজিল। হলিউড পার্কের সো-ফি স্টেডিয়ামে কোস্টারিকার বিরুদ্ধে ড্র করল তারা। নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোলের সন্ধান পেল না। চোটের কারণে খেলতে পারছেন না নেইমার। কিন্তু দেশের ম্যাচ চলাকালীন দর্শকাসনে দেখা যায় তাঁকে। কিন্তু যে মানের ফুটবল ব্রাজিলের ফুটবলাররা উপহার দিলেন ম্যাচ শেষে তাঁকে ও আপামর ব্রাজিল ভক্তদের নিরাশ হয়েই ফিরতে হল।

ম্যাচের শুরু থেকে যদিও খেলার রাশ নিজেদের দখলে রাখে সেলেকাওরা। রড্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়রকে রেখে আক্রমণ বিভাগকে সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। দুই প্রান্ত ধরে বল নিয়ে উঠছিলেন তাঁরা। তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন কোস্টারিকার রক্ষণভাগের ফুটবলারেরা। বল নিজেদের দখলে রেখে আক্রমণে উঠছিল ব্রাজিল। প্রথামার্ধের বেশিরভাগ সময়েই বল ছিল কোস্টারিকার অর্ধে। কিন্তু বিপক্ষের বক্সে গিয়ে সেই আক্রমণগুলি দিশা হারায়। বিরতির আগে দুটি ভাল সুযোগ পেয়ে গিয়েছিল ব্রাজিল। ৩০ মিনিটে গোল করে দিয়েছিলেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোস। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। ভারে দেখা যায় গোলদাতা অফসাইডে ছিলেন। এই অর্ধে রড্রিগোর শট ক্রসবারে লাগে। না হলে  এগিয়ে যেতে পারত ব্রাজিল।

আরও পড়ুনঃ মধুর প্রতিশোধ : ৭ মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণার বদলা নিলেন রোহিত

আরও পড়ুনঃ সুপারএইটে সুপারহিট আফগানিস্তান সেমিফাইনালে

দ্বিতীয়ার্ধেও চিত্রটা বদলাল না। গোটা ম্যাচে দাপিয়েও গোলের খাতা খুলতে পারল না ব্রাজিল। বেশ কয়েকটি পরিবর্তন করেন তাদের কোচ। কিন্তু তাতেও গোলের দেখা তারা পায়নি। পরিসংখ্যান বলছে গোটা ম্যাচে মোট ৭৪ শতাংশ বলের দখল ছিল হলুদ নীল জার্সিধারীদের দখলে। মোট ১৯ টি শট নিয়েছিলেন তারা। তার মধ্যে গোল লক্ষ্য করে শট ছিল মাত্র ৩ টি। এর থেকে পরিস্কার ব্রজিল ধরে একজন পরিপক্ক স্ট্রাইকারের অভাব রয়ে গিয়েছে। ভিনিসিয়াস বা রড্রিগো মূলত উইঙ্গার। তাদের সামনে ব্যবহার করে লাভ হয়নি ব্রাজিলের। উল্টোদিকে কোস্টারিকা সেই অর্থে সুযোগই তৈরি করতে না পারলেও জমাট রক্ষণ করে গেল নব্বই মিনিট। দিনের শেষ ব্রাজিলের মত দলকে রুখে দিয়েই মাঠ ছাড়ল। প্যারাগুয়ের বিরুদ্ধে পরের ম্যাচে নামবে ব্রাজিল। ২৯ জুন হবে সেই ম্যাচ। আর আগামী ৩ জুলাই গ্রুপের শেষ ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে খেলবেন ভিনিসিয়াসরা।

About Post Author