Home » UEFA Euro Cup 2024 : ইউরো কাপের সুপার সিক্সটিনে মহারণ এমবাপ্পেদের সামনে ডি’ব্রুইনারা, পর্তুগালের সামনে অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়া

UEFA Euro Cup 2024 : ইউরো কাপের সুপার সিক্সটিনে মহারণ এমবাপ্পেদের সামনে ডি’ব্রুইনারা, পর্তুগালের সামনে অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাইঃ জমে উঠেছে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে টিকিট পাওয়ার লড়াই। ইতিমধ্যে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে নিয়েছে। সোমবার আরও চার দলের ভাগ্য পরীক্ষা। প্রথম ম্যাচে ফ্রান্স নামছে বেলজিয়ামের বিরুদ্ধে। যেই ম্যাচ শুরু হবে রাত ৯.৩০ মিনিটে। রাত ১২.৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে স্লোভেনিয়া ।

ডি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার সিক্সটিনে পৌঁছেছে ফ্রান্স। তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছন কিলিয়ান এমবাপ্পেদের দল। বাকি দুটি ম্যাচে ড্র করেছে। অনেক গোলের সুযোগ নষ্ট করেছে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালিস্টরা। তাদের কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে দ্বিতীয় সুযোগ নেই। তাই গোলের সুযোগ কে কতটা কাজে লাগাতে পারবে তার উপর জয়-পরাজয় নির্ভর করবে। ম্যাচ জিততে গোল করতেই হবে।  অন্যদিকে ই গ্রুপের দ্বিতীয় দল বেলজিয়ামও জায়গা করে নিয়েছে সুপার সিক্সটিনে। একটি করে জয়, ড্র ও হারের স্বাদ পেয়েছেন ডি ব্রুইনারা। গ্রুপ পর্বে গোলের সুযোগ নষ্টের প্রদর্শনী করেছে তারাও। যা চিন্তা বাড়িয়েছে বেলজিয়ান কোচ ডোমেনিকো টেডেস্কোর। আত্মবিশ্বাসী হয়ে ছেলেরা মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি। এই দুটি দলেই অনেক তারকার সমাহার। একদিকে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়ান রাবিঁওরা। অন্যদিকে কেভিন ডি ব্রুইনা, লিওনার্ডো ট্রসা, জেরেমি ডোকুরা রয়েছেন। তাই এই ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।  

আরও পড়ুনঃ   UEFA Euro Cup 2024 : জর্জিয়ার স্বপ্নের দৌড় থামিয়ে ইউরোর কোয়ার্টারে স্পেন

আরও পড়ুনঃ  UEFA Euro Cup 2024 : হারের মুখ থেকে প্রত্যাবর্তন, বেলিংহামের গোলে ইউরোর কোয়ার্টারে ইংল্যান্ড

অন্য ম্যাচে, পর্তুগালের সামনে স্লোভেনিয়া। এফ গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সটিনে পৌঁছে গিয়েছে পর্তুগাল। প্রথম দুটি ম্যাচ জিতলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারতে হয়েছে জর্জিয়ার কাছে। যদিও দলের বেশিরভাগ তারকাকে প্রথম একাদশে রাখেননি কোচ রবার্টো মার্টিনেজ। এবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাইছে পর্তুগাল। কারণ, এটাই সম্ভবত পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর শেষ ইউরো। তার আগে দলের অধিনায়ককে এই ট্রফিটি উপহার দিতে চান ব্রুনো ফের্নান্ডেজরা। দলে রোনাল্ডো ও ব্রুনো ছাড়াও বের্নাডো সিলভা, রাফায়েল লিয়াওয়ের মত তারকারা রয়েছেন।  সামনে স্লোভেনিয়া খাতায় কলমে দুর্বল হলেও তা মানতে নারাজ পর্তুগিজ কোচ। তিনি জানিয়ে দিয়েছেন, এটা মরণ বাঁচন ম্যাচ। স্লোভেনিয়া সংগঠিত দল। ইউরো কাপের এই পর্যায়ে যে কোনও দলই তফাৎ গড়ে দিতে পারে। প্রসঙ্গত একটি প্রদর্শনী ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছিল স্লোভেনিয়া। সি গ্রুপ তিন নম্বরে শেষ করে তারা সুপার সিক্সটিনে পৌঁছেছে। তিন ম্যাচের সবকটিতে তারা ড্র করেছে। রুখে দিয়েছে ইংল্যান্ডের মত শক্তিশালী দলকেও। তারকা বলতে দলে রয়েছেন গোলরক্ষক জ্যান ওব্লাক, বেঞ্জামিন সেসকোরা। খাতায় কলমে দেখলে অবশ্যই পর্তুগাল এগিয়ে রয়েছে। কিন্তু ফুটবল অনিশ্চয়তারল খেলা। এখন এই দুই দলের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তার উত্তর পাওয়া যাবে আর কিছু সময় পর।

About Post Author